স্টাফ রিপোর্টার ॥ শহরের নতুন বাস টার্মিনালের অদূরে ছোট বহুলা হাওর এলাকা থেকে টমটম চালকের কঙ্কাল উদ্ধার ও খুনের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে টমটম মালিক সালেক মিয়াকে আটক করেছে পুলিশ। সালেক মিয়া স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় স্টাফ কোয়ার্টার এলাকাস্থ বাসা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই পুলিশ ছোট বহুলা হাওর থেকে উত্তর শ্যামলীর বাসিন্দা ইদু মিয়ার পুত্র টমটম চালক বিলাল মিয়া (১৫) এর কঙ্কাল দেহ উদ্ধার করে। নিহত বিলালের পিতা ইদু মিয়া তার কাপড়-চোপড় দেখে লাশটি সনাক্ত করেন। এব্যাপারে গত ৭ আগস্ট বিলালের পিতা ইদু মিয়া বাদি হয়ে সালেকসহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে ওসি নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ গতকাল শহরের কোর্ট মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।