বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শিক্ষিকাসহ দুই ছাত্রীকে পিটিয়ে আহত মেজর পরিচয়দানকারী ফুল মিয়া আটক

  • আপডেট টাইম শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও ২ শিক্ষার্থীসহ ৩ জনকে পিটিয়ে আহত করেছেন মেজর পরিচয়দানকারী আব্দুল হামিদ ওরফে ফুল মিয়া নামে এক ব্যক্তি। এ ঘটনায় ফুল মিয়াকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার গোলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মারপিটের ঘটনাটি ঘটে। আহতরা হলেন-প্রধান শিক্ষিকা শাহানা আক্তার (৪০), গোলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ও আব্দুল হান্নান রমিজের মেয়ে সাদিয়া আক্তার (১০) এবং ৪র্থ শ্রেণির ছাত্রী ও শাহজাহান মিয়ার মেয়ে শারফিন আক্তার (৯)। আটক ফুল মিয়া একই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালের দিকে নিয়মিত স্কুলে না আসার অভিযোগে এক ছাত্রীকে মারপিট করেন বিদ্যালয়ের দাতা সদস্য ফুল মিয়া। এ সময় প্রধান শিক্ষিকা এবং ওই দুই ছাত্রী প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে তাদেরও মারপিট করেন ওই ব্যক্তি। স্থানীয়রা এসে আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে ঘটনা জানতে পেরে দুপুর আড়াইটার দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে হামলাকারী ফুল মিয়াকে আটক করে নিয়ে আসে চুনারুঘাট থানা পুলিশ। শিক্ষিকা ও ছাত্রীদের মারপিটের উপযুক্ত বিচার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হামিদ ফুল মিয়া ওরফে ভুয়া মেজর ফুুল মিয়া টানা দুইবার উপজেলার গোলগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রধান করে এডহক কমিটি গঠন করা হয়। কিন্তু ভূয়া মেজর ফুল মিয়া প্রতিদিনই স্কুলে গিয়ে খবরধারী করেন এবং প্রধান শিক্ষিকাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তিনি পুনরায় সভাপতি হবার জন্য প্রধান শিক্ষিকাকে নানাভাবে চাপ সৃষ্টি করেন। বৃহস্পতিবার ভুয়া মেজর ফুল মিয়া ও তার ভাতিজা স্কুলের নাইটগার্ড জুয়েল মিয়া প্রধান শিক্ষিকা ও শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এসময় তারা আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জানান, হামলাকারী ও ভুয়া মেজর পরিচয়ধারী ফুল মিয়াকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, মোবাইল ফোনে বিষয়টি জানতে পেরেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চুনারুঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com