স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে গত কয়েকদিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালের শিশু ওয়ার্ডে শতাধিক রোগী ভর্তি হয়েছে বলে জানা গেছে।
মৃত শিশুটি শায়েস্তাগঞ্জ উপজেলার বাসিন্দা হেলাল মিয়ার চার মাস বয়সী সন্তান। কয়েকদিন ধরে শিশুটি জ্বরসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিল। পরে অবস্থার অবনতি হলে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে শিশুদের মধ্যে জ্বর, সর্দি-কাশি ও শরীরে লালচে দাগসহ হামের উপসর্গ দেখা দিচ্ছে। এসব উপসর্গ নিয়ে গত কয়েকদিনে শতাধিক শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এতে শিশু ওয়ার্ডে রোগীর চাপ বেড়েছে।
হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে অনেকের শরীরে হামের মতো উপসর্গ দেখা দেওয়ায় চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা দিচ্ছেন। তবে শিশুটির মৃত্যুর সুনির্দিষ্ট কারণ পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে শিশুদের মধ্যে হামের উপসর্গ ছড়িয়ে পড়ায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা ও রোগ নির্ণয়ের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।