স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে র্যাব-৯-এর অভিযানে ১৫ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানায়, অভিযানের সময় আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা তাদের হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করে। পরে তাদের দেখানো মতে একটি কালো রঙের স্কুলব্যাগের ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজাসহ চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বান্দরবানের আলীকদম থানার ছাবের মিয়া পাড়া এলাকার মৃত রবি শীলের ছেলে রাজিব শীল (৩৯), চুনারুঘাট থানার পশ্চিম ডুলনা এলাকার মো. শফিক মিয়ার ছেলে উসমান গণি (৩৫), মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার ফুলছড়া চা-বাগান এলাকার পরেশ বাকতির ছেলে সঞ্জু বাকতি (২৮) এবং চুনারুঘাট থানার জোয়ারমাগুর উন্ডা এলাকার কবির মিয়ার মেয়ে ফারজানা আক্তার (২৬)। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা পরস্পর যোগসাজশে মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।