স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে খোয়াই থিয়েটারের উদ্যোগে নাট্যাচার্য ড.সেলিম আল দীন এর ৭৭তম জন্মদিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জীবনী পাঠ ,নাট্যাংশ প্রযোজনা,গান,কবিতা আবৃত্তি ও আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। গতকাল ১৮ আগস্ট, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে হবিগঞ্জ শহরের টাউন হল রোডস্থ খোয়াই স্টুডিও থিয়েটার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তোফাজ্জল সোহেল। থিয়েটারের সাধারন সম্পাদক সুকান্ত গোপ এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় সম্মানিত অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাপা হবিগঞ্জ শাখার সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন ইকবাল, বিশিষ্ট শিশু চিকিৎসক ডাঃ মো: জমির আলী ,কবি ও কলামিস্ট তাহমিনা বেগম গিনি,শায়েস্তাগঞ্জ থিয়েটারের দল প্রধান বাবুল মল্লিক ও খোয়াই থিয়েটারের সহ-সভাপতি সিদ্দিকী হারুন। আলোচনায় আরও অংশ নেন নাট্যকর্মী মুক্তাদির হোসেন, মো: জুবায়েদ হোসেন, শেখ ওসমান গণি রুমী প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন নাট্যকর্মী মীর ইয়াছিন মাহমুদ,কবিতা আবৃত্তি করেন সহশ্রীতা দাশগুপ্ত সন্ধি ও মো: তাইজুল ইসলাম, ড. সেলিম আল দীন এর জীবনী পাঠ করেন মো: আরিফ এবং নাট্যাচার্যের রচিত গান ও সুকান্ত গোপ এর দিক নির্দেশনায় “গ্রন্থিকগণ কহে” নাটকের অংশবিশেষ অভিনয়ে অংশ নেন মীর ইয়াছিন মাহমুদ , চৌধুরী তাকদীর বীন আজাদ (রেদোয়ান ) , মো: হাসান মাহমুদ, মো: আরিফ, সহশ্রীতা দাশগুপ্ত সন্ধি, সুমী দাশ গুপ্ত, মো: শুভ এবং মো: তাইজুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন,সেলিম আল দীন আমাদের দেশীয় নাট্যাঙ্গিককে সারা বিশ্বের দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। তার উদ্ভাবিত “দ্বৈতাদ্বৈতবাদী শিল্পতত্ব” কে অনুসরণ করে নতুন ধারায় শিল্প সৃষ্টিতে ব্রতী হয়েছেন অনেক শিল্পী ও নাট্যকর্মী। সেলিম আল দীন লোকজ আঙ্গিকের নাট্যচর্চার ধারাকে বাংলার মূল ধারার নাট্যাঙ্গিকে পরিণত করেছেন।