মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মহাদেবপুর গ্রাম থেকে নিখোঁজ আলী হোসেন (২২) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের আব্দুল আহাদের ছেলে।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন জানান, গত শনিবার বেলা ১১টার পর থেকে আলী হোসেন নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে গত রবিবার ধর্মঘর এলাকায় মাইকিং করেন। এছাড়া তার স্বজন, বন্ধু ও শুভাকাঙ্খীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও তার সন্ধান চেয়ে বিভিন্ন পোস্ট দেন। গত সোমবার সকাল ৭টার দিকে মহাদেবপুর গ্রামে আলী হোসেনের বাড়ি থেকে প্রায় ৭০০ গজ দূরে বর্ষার পানিতে ডুবে থাকা একটি জমিতে তার ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা মাধবপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, পানিতে কয়েকদিন থাকায় মরদেহ কিছুটা ফুলে গিয়েছিল।
নিহতের বাবা আব্দুল আহাদ জানান, আলী হোসেন হোটেলে কাজ করার পাশাপাশি রাজমিস্ত্রির কাজও করতেন। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।