স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও চুরি মামলার দুই সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সদর মডেল থানার একদল পুলিশ সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে এসব আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে হবিগঞ্জ সদর মডেল থানার মামলা নং-১০, তারিখ ১৫ মার্চ ২০২৪, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) ধারার মামলার এক বছর এক মাসের সাজাপ্রাপ্ত আসামি উমেদনগর মোড়ল হাটির মৃত আব্দুল রাজ্জাকের পুত্র মো. মামুন মিয়াকে গ্রেফতার করা হয়। এছাড়া সদর মডেল থানার মামলা নং-৩১, তারিখ ২১ জানুয়ারি ২০০৯, পেনাল কোডের ৩৭৯/৩৪ ধারার মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি বড় বহুলা গ্রামের কালাই মিয়ার পুত্র নুর আলমকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে সিআর-১৪৬৯/২৫ (হবি) মামলার আসামি রামপুর গ্রামের কনু মিয়ার স্ত্রী মোছা. সামলা খাতুনকে গ্রেফতার করা হয়। একই অভিযানে সিআর-৬৮৭/২৫ (হবি) মামলার আসামি রাজনগর এলাকার লাল মিয়ার পুত্র মো. সালাহ উদ্দিন (৫০) কে গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানায়, বিদ্যুৎ সিআর-৬৮৮/২৪ মামলার আসামি পশ্চিম ভাদৈ গ্রামের মৃত রফিক সরদারের পুত্র মো. মহিবুর রহমানকেও গ্রেফতার করা হয়েছে। এদিকে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর ৬/৭/৮ ধারায় দায়েরকৃত সদর মডেল থানার মামলা নং-০৭, তারিখ ৮ মে ২০২৬-এর এজাহারভুক্ত আসামি রিচি আগুনকোনা গ্রামের মৃত সিদ্দিক আলীর পুত্র মো. তিতু মিয়া (৬৮) কে সোমবার (১৫ জুন) রাত ১টা ২৫ মিনিটে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সদর মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ অপরাধ দমন ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।