স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ক্যাথলিক মিশনের গরু চুরির মামলায় অভিযুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৯। গতকাল শনিবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার নতুন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং বাজার সুবাবই এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে আব্দুল করিম (২২)।
র্যাব সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ থানাধীন সুদিয়াখলা এলাকার সাধু ফ্রান্সিস জেবিআর ক্যাথলিক মিশনের ম্যানেজার সুমন সরকার মিশনের গরুগুলো দেখাশোনা করতেন। গত ১ মে সন্ধ্যায় তিনি গোয়ালঘরে ২টি ষাঁড় গরু ও ১টি বাছুর বেঁধে রেখে ঘুমাতে যান। পরদিন সকালে গিয়ে দেখতে পান গোয়ালঘরের দরজা ভেঙে একটি কালো রঙের ষাঁড় গরু চুরি হয়ে গেছে। এ ঘটনায় শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হলে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুনারুঘাটের নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে মামলার পলাতক আসামি আব্দুল করিমকে গ্রেফতার করে। র্যাব জানায়, গ্রেফতারকৃত আব্দুল করিমের বিরুদ্ধে হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় একাধিক চুরি ও অন্যান্য অপরাধের মামলা রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।