স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ শহরে প্রশাসনের উচ্ছেদ অভিযান ও জরিমানার পরও আবারও ফুটপাত দখল করে দোকানপাট বসতে শুরু করেছে। এতে পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বাধ্য হয়ে অনেককে ব্যস্ত সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে, ফলে দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে উপজেলা প্রশাসন শহরের বিভিন্ন সড়কের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে কয়েকজন দোকানদারকে জরিমানা করা হয় এবং ফুটপাত থেকে দোকানপাট সরিয়ে নেওয়া হয়। অভিযানের পর কিছুদিন ফুটপাত দখলমুক্ত থাকলেও বর্তমানে আবারও আগের চিত্র ফিরে এসেছে।
শহরের বিভিন্ন এলাকায় দেখা গেছে, ফুটপাতজুড়ে অস্থায়ী দোকান, ফল, সবজি, পোশাক ও বিভিন্ন পণ্যের স্টল বসানো হয়েছে। কোথাও কোথাও দোকানের মালামাল ফুটপাত ছাড়িয়ে সড়ক পর্যন্ত চলে এসেছে। এতে পথচারীদের ফুটপাত ব্যবহার করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, নিয়মিত নজরদারি না থাকায় ফুটপাত আবারও দখল হয়ে যাচ্ছে। প্রশাসনের অভিযান সাময়িকভাবে কার্যকর হলেও পরবর্তীতে তদারকির অভাবে দখলদাররা পুনরায় ফুটপাত দখল করে ব্যবসা শুরু করছেন।
একজন পথচারী বলেন, “ফুটপাত দিয়ে হাঁটার সুযোগ নেই। বাধ্য হয়ে সড়ক দিয়ে চলতে হয়। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা থাকে।”
সচেতন নাগরিকরা বলছেন, কেবল একদিনের অভিযান বা জরিমানা নয়, ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত মনিটরিং ও কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি। একই সঙ্গে স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট ব্যবসায়ীদেরও সচেতন করা প্রয়োজন।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে সরকারি জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।