হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলায় মাছের খামারে অবৈধভাবে মুরগির বিষ্ঠা ব্যবহার করার দায়ে এক খামারিকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (৩ আগস্ট) বেলা ১টার দিকে উপজেলার স্নানঘাট গ্রামে পরিচালিত অভিযানে এ দণ্ডাদেশ প্রদান করা হয়।
আদালত সূত্রে জানা যায়, স্নানঘাট গ্রামের বাসিন্দা মদরিস আহমেদ (৫০), পিতা: মোস্তফা আলী তার মাছের খামারে ফিড হিসেবে মুরগির বিষ্ঠা ব্যবহার করে আসছিলেন, যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে সত্যতা পায়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তকে ১৯৮৩ অনুযায়ী ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে তাকে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা মৎস্য কর্মকর্তা সামিউন রেজা আসিফ। এছাড়া বাহুবল মডেল থানা পুলিশের সদস্যবৃন্দ ও আনসার সদস্যরা ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় জানান, মাছের খাদ্য হিসেবে মুরগির বিষ্ঠা ব্যবহার জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এতে উৎপাদিত মাছ মানবদেহে বিভিন্ন রোগের ঝুঁকি বাড়াতে পারে। এ ধরনের অনিয়ম প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
স্থানীয় সচেতন মহল এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে এবং ভোক্তারা নিরাপদ খাদ্য পাবে।