মাধবপুর প্রতনিধি ॥ মাধবপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বিজিবি। গতকাল শুক্রবার (৩১ জুলাই) ভোর রাতে উপজেলার নোয়াগাঁও এলাকায় পরিচালিত এ অভিযানে মাদক পাচারকারীরা পালিয়ে গেলেও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১০ হাজার টাকা।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) রাজেন্দ্রপুর বিওপির একটি টহল দল সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার অভ্যন্তরে নোয়াগাঁও এলাকায় কয়েকজন চোরাকারবারীকে ভারত থেকে আনা মালামাল নিয়ে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে পাচারকারীরা কয়েকটি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৬০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত গাঁজা আইনানুগ প্রক্রিয়া শেষে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণকে চোরাচালানবিরোধী কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।