স্টাফ রিপোর্টার ॥ পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সাহরি ও ইফতারে বিদ্যুৎ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শপথ গ্রহণের পরদিনই নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। নতুন সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার একদিন পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বুধবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পৌঁছান। সেখানে তিনি তাঁর সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন। সচিবালয়ে পৌঁছলে নতুন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি ও প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভূমিধস বিজয় অর্জন করে।
এই নির্বাচনে দলটি ২৯৭টি আসনের মধ্যে এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে। বিএনপির এই নিরঙ্কুশ জয়ের পাঁচ দিন পর গতকাল তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। দায়িত্ব গ্রহণের দিন সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে তিনি তাঁর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিও শ্রদ্ধা জানান। গত মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।
গতকাল বুধবার বেলা ৩টায় সচিবালয়ের এক নম্বর ভবনে এ বৈঠক শুরু হয়, যা ছিল সরকারের প্রথম কর্মদিবসের আনুষ্ঠানিক কার্যক্রম। মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর আগে বেলা ১২টা ৩৫ মিনিটে সচিবালয়ে পৌঁছে নিজ দপ্তরে যান প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি সচিবদের সঙ্গে পৃথক বৈঠকে বসবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও এদিন সচিবালয়ে উপস্থিত হন। নিজ নিজ দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তারা বৈঠক শুরুর ঠিক আগে এক নম্বর ভবনে যোগ দেন। সকালের শুরু থেকেই সচিবালয়ে জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। প্রধানমন্ত্রীর নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এছাড়া এদিন সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়। মন্ত্রিসভার বৈঠকের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রথমবারের মতো সচিবালয়ে তার নির্ধারিত দপ্তরে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন। গত এক দশকেরও বেশি সময় ধরে মন্ত্রিসভা ও সচিবদের প্রায় সব বৈঠকই প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে আসছিল। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে নতুন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়।
বৈঠক শেষে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, রোজার মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সাহরি ও ইফতারে বিদ্যুৎ নিরবচ্ছিন্ন রাখার বিষয়ে অগ্রাধিকার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে, বৈঠক শেষে অন্যান্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা জানান, প্রত্যেকটি মন্ত্রণালয়কে জনগণের স্বার্থে কাজ করতে নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। সব মন্ত্রণালয়কে দুর্নীতির ঊর্ধ্বে রাখতে চান প্রধানমন্ত্রী। দিকনির্দেশনা দিয়েছেন সেই বিষয়েও। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর সাংবাদিকদের বলেন, বর্তমান সরকারের প্রতি জনগণের যে এত বিপুল জনসমর্থন সেটার জায়গা থেকে প্রধানমন্ত্রী আমাদের মনে করিয়ে দিয়েছেন যে, জনগণ আমাদের কাছ থেকে যে সুশাসন এবং জবাবদিহিতা চায়, সেক্ষেত্রে আমরা স্ব-স্ব মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছি, তারা যেন যেকোনো ধরনের প্রভাব এবং স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করি এবং বিশেষ করে দুর্নীতির প্রশ্নে যেন আমাদের একটা শক্ত অবস্থান থাকে। তিনি বলেন, আগামীতে যে রমজান শুরু হচ্ছে, এই রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা প্লাস হচ্ছে সেহরি, ইফতার, তারাবির সময়টা যেন বিদ্যুৎ নিরবচ্ছিন্ন থাকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে এবং সরকারের যে কমিটমেন্ট, বিশেষ করে নির্বাচনের সময় প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় জনসভায় যে বিষয়গুলো বলেছেন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড সেগুলো কীভাবে ইমিডিয়েটলি আসলে কিছু দৃশ্যমান কাজ করা যায়, সেই বিষয়গুলো নিয়েও তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন, আলোচনা করেছেন। নুর বলেন, বিশেষ করে প্রধানমন্ত্রীর একটি ঘোষণা ছিল যে, ইমাম-মুয়াজ্জিনদের বিষয়ে সরকারের একটি উদ্যোগ থাকবে। সেটি নিয়েও তিনি আলোচনা করেছেন যে, ইমাম-মুয়াজ্জিনদের বিষয়ে দ্রুত সময়ের মধ্যে কী করা যায়। সামগ্রিকভাবেই বিষয়গুলো নিয়ে আলাপ-আলোচনা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, ‘যেহেতু আমি দুটো নির্দিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আমাদের জায়গা থেকে আমরা একটা বিষয় তার দৃষ্টিতে আনার চেষ্টা করেছি, আমাদের শ্রমবাজারের বড় একটা অংশ মিডল ইস্ট বেজড। মিডল ইস্টের সঙ্গে কিন্তু শ্রমবাজার ওপেনের ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় সেটার একটা ধারাবাহিকতা ছিল। কিন্তু মাঝখানে নানাবিধ কারণে সেটার একটা ছন্দপতন হয়েছে, বন্ধ হয়েছে অনেক জায়গার শ্রমবাজার। সেখানে শ্রমবাজার ওপেন করার জন্য যদি প্রধানমন্ত্রী একটি সফর দেন মিডল ইস্টে, সেটা আমাদের জন্য একটা সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করতে পারে। আমাদের জায়গা থেকে এটিও বলেছি, তার জায়গা থেকেও আরো কিছু পরামর্শ আমাদের দিয়েছেন যেগুলো কাজের ক্ষেত্রে আমরা মেনে চলব। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ১৮০ দিনের একটি পরিকল্পনা নেবে বলেও জানান তিনি। বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণের পর নতুন সরকারের সব ধরনের দাপ্তরিক আপডেট ও উন্নয়নমূলক কর্মকা- জনগণের কাছে সরাসরি পৌঁছে দিতে চালু করা হয়েছে অফিশিয়াল ফেসবুক পেজ। গতকাল নতুন সরকারের প্রথম কার্যদিবসেই আনুষ্ঠানিকভাবে এই ডিজিটাল প্ল্যাটফর্মটির উদ্বোধন করা হয়। পেজটির নাম রাখা হয়েছে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়। স্বচ্ছতা নিশ্চিত করতে এবং গুজব প্রতিরোধে এই পেজটি সরকারের একটি শক্তিশালী যোগসূত্র হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে। নতুন এই পেজটির ডিসপ্লে পিকচার হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ছবি ব্যবহার করা হয়েছে। পেজটি চালুর পর থেকেই সেখানে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, প্রজ্ঞাপন এবং প্রধানমন্ত্রীর দৈনন্দিন রাষ্ট্রীয় কর্মসূচির তথ্য নিয়মিত প্রকাশ করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আধুনিক বিশ্বে সামাজিক যোগাযোগমাধ্যমের গুরুত্ব বিবেচনায় নিয়ে দ্রুততম সময়ে সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। এখন থেকে সরকারের নীতিনির্ধারণী সব খবর এই ভেরিফাইড প্ল্যাটফর্মে পাওয়া যাবে। এর আগে গত মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর বিকালে বঙ্গভবনে নতুন মন্ত্রিপরিষদ শপথ নেয়। এরপর একই দিন রাতে আনুষ্ঠানিক গেজেট জারির মাধ্যমে বিদ্যমান অন্তর্র্বতীকালীন সরকার ভেঙে দেওয়া হয় এবং পূর্ণাঙ্গ সাংবিধানিক সরকার হিসেবে তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভা দায়িত্ব গ্রহণ করে। সরকারের এই পালাবদলের সাথে সাথে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতেও পরিবর্তন আনা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে পূর্বতন অন্তর্র্বতী সরকারের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে একটি বিদায়ী পোস্ট শেয়ার করা হয়। সেই পোস্টে জানানো হয়, নতুন সরকার দায়িত্ব গ্রহণ করায় এখন থেকে ওই পেজটির সব ধরনের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হলো।