মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল-এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান অপপ্রচার, অশালীন মন্তব্য ও মানহানিকর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মাধবপুর উপজেলা ও পৌর বিএনপি। গতকাল বুধবার (১৮ ফেব্রয়ারি) দুপুরে মাধবপুর প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে দলীয় নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপি সভাপতি শামসুল ইসলাম কামাল। তিনি বলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার ও টিকটকসহ বিভিন্ন অনলাইন প্যাটফর্ম ব্যবহার করে নির্বাচিত জনপ্রতিনিধির বিরুদ্ধে ভিত্তিহীন, বানোয়াট ও কুরুচিপূর্ণ তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। এমপি ফয়সলকে নিয়ে বিভিন্ন অশালীন শব্দ ব্যবহার করা হচ্ছে, যা শুধু ব্যক্তিগত সম্মানহানিই নয়, বরং জনগণের রায়কেও প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনের ১৮৩টি কেন্দ্রে ভোট গ্রহণ শেষে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হন সৈয়দ মোহাম্মদ ফয়সল। প্রাপ্ত ফলাফলে তিনি ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট পান, যেখানে তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী পান ৮৪ হাজার ৩২৩ ভোট। প্রায় ১ লাখ ৩ হাজার ৭৪৯ ভোটের বিশাল ব্যবধানে জনগণের প্রত্যক্ষ সমর্থন নিয়ে তিনি নির্বাচিত হন। এই স্পষ্ট গণরায়কে মেনে নিতে না পেরে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী অপপ্রচারের আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করেন তারা। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে মাধবপুর ও চুনারুঘাট এলাকায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এমপি সৈয়দ ফয়সল। বিগত সময়ে রাজনৈতিক প্রতিকূলতা, মামলা ও হয়রানির মধ্যেও তিনি দল ও জনগণের পাশে ছিলেন। ফলে সাধারণ ভোটার, চা শ্রমিক, ক্ষদ্র ব্যবসায়ী ও বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে সমর্থন দিয়েছেন। মাধবপুর পৌর বিএনপি সাধারণ সম্পাদক আলা উদ্দিন আল রনি, আশঙ্কা প্রকাশ করে বলেন, এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে এলাকায় অস্থিরতা সৃষ্টি হতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার ঝুঁকি তৈরি হবে। তারা সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে অপপ্রচারকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য। সংবাদ সম্মেলন থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সকলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়। ভিন্নমত থাকতে পারে, কিন্তু মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য ছড়িয়ে সমাজে বিভ্রান্তি তৈরি করা গণতান্ত্রিক চর্চার পরিপন্তী- এমন মন্তব্য করেন নেতারা। উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু বলেন, জনগণের রায়কে সম্মান জানিয়ে উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকান্ডে এগিয়ে যাওয়াই তাদের লক্ষ্য। কোনো অপপ্রচার বা ষড়যন্ত্রে তারা বিচলিত নন; বরং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে গণতান্ত্রিক উপায়ে সব ধরনের অপতৎপরতার মোকাবিলা করা হবে। সংবাদ সম্মেলনে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পৌর বিএনপি সভাপতি গোলাপ খানসহ দলীয় নেতৃবৃন্দ।