মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর (স্বাস্থ্য) কাছে হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধ প্রক্রিয়া থেকে সরে আসার দাবি

  • আপডেট টাইম সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের মেডিকেল কলেজ বন্ধ প্রক্রিয়া থেকে সরে এসে অবকাঠামো উন্নয়ন এর মাধ্যমে জেলাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত ও নাগরিক সুবিধায় এটিকে সম্পৃক্ত করার আহবান জানানো হয়েছে। বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য) অধ্যাপক ডাঃ মোঃ সায়েদুর রহমান এর সঙ্গে সাক্ষাৎ করে নাগরিক সমাজের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়। গতকাল রবিবার (২ মার্চ) দুপুরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাৎ করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ, ঢাকাস্থ হবিগঞ্জ সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ কামরুল হাসান, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক (সাবেক অতিরিক্ত সচিব) আনোয়ার হোসেন চৌধুরী, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর প্রধান নির্বাহী কর্মকর্তা (গ্রেড ১) আবু তাহের মুহাম্মদ জাবের, নাট্যব্যক্তিত্ব ঝুনা চৌধুরী ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল। প্রতিনিধি দল বিশেষ সহকারীর সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন। এ সময় হবিগঞ্জবাসীর স্বার্থে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপনের গুরুত্ব তুলে এটির বন্ধ প্রক্রিয়া থেকে সরে এসে এর স্থায়ী ক্যাম্পাস, অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবী জানান। প্রতিনিধিদিল বলেন, চিকিৎসা সেবার সুযোগ সুবিধা কম থাকার পরও ভৌগলিক কারণ এবং ভালো যোগাযোগ ব্যবস্থা থাকায় জেলাবাসীসহ পার্শ্ববর্তী জেলা থেকে অনেক রোগী হবিগঞ্জে চিকিৎসা নিতে আসেন। তাই জনস্বার্থ বিবেচনায় হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, প্রয়োজনীয় জনবল নিয়োগ, অবকাঠামো উন্নয়ন করে বিপুল সংখ্যক রোগীর ন্যূনতম চিকিৎসা সেবা নিশ্চিত করে জেলাবাসীর নাগরিক অধিকারে হবিগঞ্জ মেডিকেল কলেজকে সম্পৃক্ত করার দাবি জানান প্রতিনিধিদল।
উল্লেখ্য, ইতিমধ্যেই পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তণ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ দায়িত্বশীল দপ্তরে সম্মিলিত নাগরিক সমাজ হবিগঞ্জের পক্ষ থেকে এব্যাপারে স্মারকলিপি দেওয়া হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com