মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শহরে ব্যবসা প্রতিষ্ঠান-বাসাবাড়ীতে চুরি ছিনতাই ও ডাকাতি বন্ধ করতে ॥ পুলিশ সুপার রেজাউল খানের সাথে হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান

  • আপডেট টাইম সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ব্যবসা প্রতিষ্ঠান-বাসাবাড়ীতে চুরি-ছিনতাই ও ডাকাতি বন্ধ করতে পুলিশ সুপার মোঃ রেজাউল হক খানের সাথে মতবিনিময় করেছেন হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ। গতকাল সকাল ১১ টার দিকে সভাপতি সামছু মিয়ার নেতৃত্বে ব্যবসায়ী নেতৃবৃন্দ পুলিশ সুপারের কার্যালয়ে এই মতবিনিময় সভায় মিলিত হন। সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন- হবিগঞ্জ শহরে প্রতিনিয়ত চুরি-ছিনতাই ও ডাকাতির মতো ঘটনা ঘটছে। এতে ব্যবসায়ীগণ সহ শহরবাসী আতঙ্কিত। এসব চুরি-ছিনতাই ও ডাকাতি বন্ধ করতে পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবী জানান। এই দাবীর পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার মোঃ রেজাউল হক খান ব্যবাসয়ীদের আশ্বস্থ করে বলেন- অপরাধ করে কেউ রেহাই পায়নি। আর পাবেও না। এই সব চুরি-ছিনতাই ও ডাকাতির সাথে যে বা যারাই জড়িত তাদের অচিরেই আইনের আওতায় এনে বিচারের সম্মুখিন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ সামছু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম চৌধুরী, হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ, ডিবির ওসি, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের কোষাধ্যক্ষ সফিক মোল্লা, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, ক্রীড়া সম্পাদক আব্দুল হান্নান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুরাদ আহমেদ প্রমূখ। মতবিনিময় সভা শেষে পুলিশ সুপারের নিকট হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি স্মারক লিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, হবিগঞ্জ শহরের শান্তিপ্রিয় ব্যবসায়ীরা বর্তমানে খুবই আতংকগ্রস্থ অবস্থায় দিনযাপন করছে। ইদানিং শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ বাসাবাড়িতে ব্যাপক হারে চুরি-ডাকাতি বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। যেমন উল্লেখযোগ্য কয়েকটি চুরি-ডাকাতির ঘটনা হল- চৌধুরী বাজারের হরিলাল দাশের স্টেশনারী দোকানে ভোর ৫টায় তালা ভেঙ্গে চুরি সংঘটিত হয়। বাণিজ্যিক এলাকার শাওমী মোবাইল শো-রুম ও স্যামসাং মোবাইল শো-রুম একই দিন একই সময় আনুমানিক ভোর ৫টায় দোকানের তালা ভেঙ্গে মালামাল চুরি করে নিয়ে যায়। ঢাকার এক ফল ব্যবসায়ী হবিগঞ্জে টাকা কালেকশন করে ঢাকা যাওয়ার পথে বাণিজ্যিক এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন। হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার আদি গোপাল মিষ্টান্ন ভান্ডার দোকানের পিছনের চালার টিন ভেঙ্গে প্রবেশ করে দোকানের কর্মচারীদেরকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি সংঘটিত করে। নবীগঞ্জ রোড মাদ্রাসা মার্কেটে সাজ্জাদ হোসেনের স্টেশনারী দোকানে পিছনের চালার টিন খুলে চুরি করে নগদ টাকা নিয়ে যায়। হবিগঞ্জ শহরের খোয়াই নদীর উত্তরপাড় নবীগঞ্জ রোডে স্বপ্নপুরি স্টুডিওতে গ্লাস ভেঙ্গে চুরি করে মূল্যবান মালামাল ও নগদ টাকা নিয়ে যায়। ডাকঘর এলাকায় বিষুর দোকান ও ঘাটিয়া বাজার ইদ্রিস ক্লথ স্টোরের তালা ভেঙ্গে মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। নিউ মুসলিম কোয়ার্টার এলাকায় সেবুল মিয়ার বাসায় প্রবেশ করে এবং চিড়াকান্দি এলাকার লিটন মিয়ার বাসার মালামাল চুরি করে নিয়ে যায়। এছাড়াও শহরের বিভিন্ন এলাকার বাসাবাড়ীতে চুরি-ডাকাতি হচ্ছে। এই সমস্ত সংঘবদ্ধ চুরি ডাকাতির ঘটনায় হবিগঞ্জের ব্যবসায়ী সমাজসহ সাধারণ মানুষ মারাত্মক আতংকগ্রস্থ ও নিরাপত্তহীনতায় ভোগছেন। এমতাবস্থায় হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতায় এই সমস্ত কর্মকান্ড বন্ধ করার জোর দাবি জানানো হয়।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com