স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে সরকারি উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় লাখাই উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ জাহানকে কারাগারে প্রেরণ করা হয়েছে। পিআইও জাহান বর্তমানে হবিগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। ৪ লাখ ৭৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশন (দুদক) বাদী হয়ে আদালতে মামলাটি দায়ের করে। 
ওই মামলায় গতকাল বৃহস্পতিবার তিনি সিলেটের গোলাপগঞ্জের পূর্ব ভাদেম্বর গ্রামের ছালেক মিয়ার পুত্র পিআইও জাহান জেলা ও দায়রা জজ আহসানুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক জামিন আবেদন না-মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। একই মামলার অপর অভিযুক্ত সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত। তারা হচ্ছেন লাখাই উপজেলার বামৈ ইউপির সাবেক চেয়ারম্যান এনামুল হক মামুন, লাখাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী ময়মনসিংহ জেলার নান্দাইল থানার ধনারামা গ্রামের জিল্লুর রহমানের পুত্র জাহাঙ্গীর আলম, একই কার্যালয়ের সুনামগঞ্জের শাল্লা থানার আটগাও গ্রামের হাছেন আলীর পুত্র অফিস সহকারী হাবিবুর রহমান ও রাজশাহী জেলার রাজপাড়া থানার ভাটাপাড়া গ্রামের মোহাম্মদ আলীর পুত্র অফিস সহায়ক গোলাম কিবরিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী হাবিবুর রহমান। তিনি বলেন, সরকারের দায়িত্বশীল পদে থেকে এবং জনপ্রতিনিধি হয়ে যদি কেউ এমন দুর্নীতি করেন তবে জনগণের ভোগান্তির শেষ থাকেনা। আমি বিশ^াস করে তাদের বিচার হলে অন্যরা এসব দুর্নীতি করতে সাহস পাবেনা এবং জনগণও রেহাই পাবে।
অভিযোগ সূত্রে জানা যায়, লাখাই উপজেলার বামৈ ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের কাচা আবুর বাড়ি থেকে বামৈ পূর্বগ্রাম কেন্দ্রিয় জামে মসজিদ পর্যন্ত রাস্তা পুনঃনির্মাণের জন্য বরাদ্দকৃত ১ লাখ ৮৫ হাজার টাকার প্রকল্পের সভাপতি হিসেবে মহিলা ইউপি সদস্য লুৎফা চৌধুরীকে রেকর্ডপত্রে দেখানো হয়। একই ইউনিয়নের ২০১৭-১৮ অর্থ বছরের ভাদিকারা হাড়ি বাড়ি পশ্চিমের কালভার্ট থেকে হাজী আব্দুল বাছির মিয়ার বাড়ি হয়ে ভাদিকারা উত্তর শুয়া মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণের ২ লাখ ৫৪ হাজার টাকা ও ২০১৬-১৭ অর্থ বছরের ভাদিকারা জুম্মাহাটি থেকে আবুল কালাম মেম্বারের বাড়ি পর্যন্ত রাস্তা উন্নয়ন প্রকল্পের ৩৮ হাজার ৭শ টাকা প্রকল্পের সভাপতি হিসেবে মহিলা সদস্য মোছা. বিউটি আক্তারকে রেকর্ডপত্রে দেখানো হয়। এ তিনটি প্রকল্পের কোন রেকর্ডপত্রে ইউপি সদস্য লুৎফা চৌধুরী ও বিউটি আক্তার স্বাক্ষর করেননি এবং কোন বিল নেননি মর্মে দেখা যায়। প্রকল্পগুলোর মাটির কাজসহ উন্নয়নমূলক কাজও করা হয়নি। অফিস সহায়ক মো. গোলাম কিবরিয়া, সাবেক অফিস সহকারী হাবিবুর রহমান, তৎকালীন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহানের নির্দেশে বিভিন্ন প্রকল্পের মাস্টার রোল নিজেরা পূরন করে প্রকল্প কমিটির স্বাক্ষর নিজেরা দিয়ে কাবিখা ও কাবিটা প্রকল্পের টাকা উত্তোলনে সহায়তা করেন। বামৈ ইউপির তৎকালীন চেয়ারম্যান এনামুল হক মামুন প্রকল্প কমিটির সভাপতিসহ অন্যান্যদের ভূয়া স্বাক্ষর সম্বলিত তালিকা পিআইও অফিসে দাখিল করেন মর্মেও দেখা যায়। মূলত ইউপি চেয়ারম্যান এনামুল হক মামুন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহান, তার অফিসের কর্মচারী মো. গোলাম কিবরিয়া এবং হাবিবুর রহমান পরস্পর যোগসাজসে বিভিন্ন প্রকল্পের মাস্টার রোল পূরন করে নিজেদের মনোনীত প্রকল্প কমিটির নাম নিজেরা লিখে স্বাক্ষর নিজেরা দিয়ে প্রকল্পের টাকা উত্তোলন করেন। রাস্তা বা অন্যান্য প্রকল্পের উন্নয়নমূলক কাজ না করে বর্ণিত প্রকল্প সমূহের সর্বমোট ৪ লাখ ৭৭ হাজার টাকা উত্তোলন করে আত্মসাত করেন। এসব অভিযোগে বামৈ ইউপির সাবেক সদস্য ইকবাল মিয়া দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ করেন। এর প্রেক্ষিতে তদন্তে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় দুদক সমন্বিত হবিগঞ্জ জেলা কার্যালয়ের তৎকালিন উপসহকারি পরিচালক মোহাম্মদ শোয়ায়েব হোসেন বাদি হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা একই কার্যালয়ের তৎকালীন উপ-পরিচালক মো. এরশাদ মিয়া অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। উক্ত মামলায় পিআইও মোহাম্মদ জাহান গতকাল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক জামিন না-মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এ সময় অপর অভিযুক্ত বামৈ ইউপি চেয়ারম্যান এনামুল হক মামুনসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।
এ ব্যাপারে দুদকে অভিযোগকারী ইউপি মেম্বার মোঃ ইকবাল বলেন- কোনো কাজ না করে সমুদয় টাকা আত্মসাতের ঘটনা বিরল। দুদক তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়েছে। আসামীরা এবার সর্বোচ্চ সাজা পাবে এটাই কাম্য। দুদকের মামলা পরিচালনাকারী আইনজীবী এডভোকেট হাবিবুর রহমান জানান- দুর্নীতি করে যাতে কেউ ছাড় না পায় সেটা নিশ্চিত করাই দুদকের কাজ।