স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ সড়কের পাইকপাড়া বাইপাস এলাকায় মোটরসাইকেল ও প্রাইভেটকার দূর্ঘটনায় নিহত হয়েছেন মনির উজ্জামান (৩০) নামের এক যুবক। নিহত মনির প্রাণ কোম্পানিতে এস আর পদে চাকুরী করতেন। তিনি সদর উপজেলার লুকড়া ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামের সাবেক মেম্বার সাখাওয়াত হোসেনের (শওকত) এর পুত্র। বর্তমানে হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার বাসিন্দা। এদিকে ঘটনার পরপরই শায়েস্তাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকার ও চালককে আটক করেছে। অপরদিকে নিহতের লাশ হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হলে দুপুরে পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়াই লাশটি বাসায় নিয়ে যান। শায়েস্তাগঞ্জ থানা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ১১ টার দিকে মনির তার কর্মস্থল অলিপুরের প্রাণ কোম্পানি থেকে মোটরসাইকেল যোগে হবিগঞ্জ শহরে আসছিলেন। এ সময় পাইকপাড়া বাইপাস এলাকায় হবিগঞ্জ থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো-গ-১৬-০০৪০) এর সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই মনির নিহত হন। খবর পেয়ে হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। এ সময় প্রাইভেটকার ও তার চালক বি-বাড়িয়া জেলার কসবা থানার হাতুরাবাড়ি এলাকার মোকাদ্দস মিয়ার পুত্র নাজমুল হোসেন (২৪) আটক করে শায়েস্তাগঞ্জ থানায় নিয়ে যায়। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ মোর্শেদ আলম জানান, পাইকপাড়া বাইপাস সড়কে সকালে ঘটনাটি ঘটার পরপরই শায়েস্তাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে এবং প্রাইভেটকার ও চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়। ঘটনাস্থলটি হবিগঞ্জ সদর থানার আওতাধীন হওয়ায় আটককৃত প্রাইভেটকার ও চালককে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হবে তিনি জানান।
ওসি আরো জানান-দূর্ঘটনার পরপরই পাশে থাকা অপর আরেকটি মোটরসাইকেল আরোহী হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকার সৈয়দ সাজেদুল হক প্রাইভেটকারের চালককে বাঁচিয়ে দেয়ার কথা বলে তার কাছ থেকে ৭ হাজার টাকা হাতিয়ে নেন। পুলিশ হাতেনাতে সাজেদুল হককেও আটক করে থানায় নিয়ে আসে। হবিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ জানান, পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশটি নিয়ে যান।