মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে সংঘর্ষের ৩ মাস পর আহত অনুময় দাশের মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০
  • ৭২৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের মুক্তাহার গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত অনুময় দাশ ঘটনার ৯৫ দিন পর মৃত্যুর কোলে ঢলে পড়েছে। গতকাল বুধবার সকালে নিজ বাড়িতে মৃত্যু বরণ করে অনুময় দাশ। এর আগে গত ১২ জানুয়ারী ঢাকা পিজি হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি নিয়ে আসা হয় তাকে। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পাশাপাশি নিহতের আত্মীয় স্বজনদের মাঝে উত্তেজনার খবর পাওয়া গেছে। স্থানীয় সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার করগাওঁ ইউপির মুক্তাহার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিগত ১০ অক্টোবর ২০১৯ ইং সকালে মুক্তাহার স্কুল মাঠে দু’পক্ষের লোকের মাঝে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষে অনুময় দাশসহ অর্ধ শতাধিক লোক আহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। উভয় পক্ষের আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অনুময় দাশসহ প্রায় ১০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এদিকে আহত অনুময় দাশ (৩০) এর অবস্থা খারাপ হলে আশংখ্যা জনক অবস্থায় তাকে ঢাকা পিজি হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে চিকিৎসা শেষে গত ১২ জানুয়ারী অনুময় দাশকে নিজ বাড়ি মুক্তাহার গ্রামে নিয়ে আসা হয়। গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টায় অনুময় দাশ মৃত্যু বরণ করে। পরে তার মৃতদেহ নবীগঞ্জ থানায় নিয়ে আসা হলে পুলিশ ছুরতহাল শেষে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে। উল্লেখ্য, বিবদমান দু’গ্রুপের মধ্যে এক গ্রুপে নেতৃত্ব দিচ্ছেন ইউপি আওয়ামীলীগ সেক্রেটারী শৈলেন চন্দ্র দাশ, অপর গ্রুপে নেতৃত্ব দিচ্ছেন ছাত্রলীগ নেতা রত্নদীপ দাশ রাজু। নিহত অনুময় দাশ শৈলেন দাশের পক্ষের লোক এবং উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতা অনন্ত দাশের ছোট ভাই। নবীগঞ্জে মুক্তার গ্রামে সংঘর্ষে আহত অনুময় দাশের মৃত্যুর ঘটনার বিষয়ে প্রতিপক্ষ লোকজনের দাবী আহত অনুময় দাশ দুরাগ্য ব্যধি ক্যান্সার আক্রান্ত ছিল। সংঘর্ষে আহত হলেও অনেক আগেই সুস্থ হয়। পরবর্তীতে ক্যানসারের চিকিৎসার জন্য তাকে ঢাকা নেয়া হয়। ডাক্তার তার অবস্থার অবনতি দেখে বাড়িতে পাঠায় এবং ওই রোগে সে মারা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com