চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলা ও মারধরে গৌতম চন্দ্র দেবনাথসহ তিনজন আহত হয়েছেন। ডাকাতেরা নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন, কাপড়সহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছে পরিবার। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শানখলা ইউনিয়নের শ্রীবাউর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৩টা থেকে ৪টার মধ্যে ৪-৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে গৌতম চন্দ্র দেবনাথের বাড়িতে প্রবেশ করে। প্রথমে তারা বাড়ির প্রধান ফটকের তালা কেটে ভেতরে ঢোকে। পরে শাবল দিয়ে বসতঘরের বিভিন্ন কক্ষের কাঠের দরজা ভেঙে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে। একপর্যায়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতেরা বাড়ি থেকে নগদ ৪ লাখ ২০ হাজার টাকা, প্রায় ১০ লাখ টাকার স্বর্ণালংকার, মোবাইল ফোন, কাপড়সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের মারধরে গৌতম চন্দ্র দেবনাথসহ তিনজন আহত হন। ঘটনার পর খবর পেয়ে চুনারুঘাট থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে বলে জানা গেছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সজল পাল বলেন, “ডাকাতির ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।” পুলিশ জানিয়েছে, ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।