স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নে সোনাই নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে পানির স্রোতে ভেসে আব্দুল মন্নান (৫০) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।
গতকাল শুক্রবার (২৮ আগস্ট) সকালে চৌমুহনী ইউনিয়নের কালীকৃষ্ণনগর গ্রামের বাসিন্দা আব্দুল মন্নান সোনাই নদীতে লাকড়ি সংগ্রহ করতে যান। এ সময় সীমান্তের ওপার থেকে ভেসে আসা লাকড়ি সংগ্রহের একপর্যায়ে নদীর পানির স্রোতে তিনি ভেসে যান।
খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত সন্ধান চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
আব্দুল মন্নান নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। স্থানীয়দের পক্ষ থেকে তাকে উদ্ধারে দ্রুত অভিযান পরিচালনার দাবি জানানো হয়েছে। এদিকে, তাকে উদ্ধারে স্থানীয়ভাবে খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে।