বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার বিহারীপুর কমিউনিটি ক্লিনিকে দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী লিপি রানী পালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে কর্মস্থলে অনুপস্থিত থাকা, মনগড়াভাবে কর্মস্থলে আসা-যাওয়া এবং রোগীদের সঙ্গে রূঢ় আচরণসহ বিভিন্ন অভিযোগের তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বিহারীপুর কমিউনিটি ক্লিনিকটি এলাকার সাধারণ মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবার অন্যতম ভরসাস্থল। তবে দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী নিয়মিত কর্মস্থলে উপস্থিত না থাকায় চিকিৎসা ও পরামর্শ নিতে আসা রোগীদের অনেক সময় ফিরে যেতে হয়। এতে নারী, শিশু ও বয়স্ক রোগীরা বেশি ভোগান্তিতে পড়ছেন বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়দের দাবি, সরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকটির কার্যক্রম ও কর্মীদের উপস্থিতি নিয়মিত তদারকি করা প্রয়োজন। জানা গেছে, গত জুন মাসে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল্লাহেল মারুফ ফারুকী বিহারীপুর কমিউনিটি ক্লিনিক সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় দুপুর ১২টার কাছাকাছি হলেও দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী লিপি রানী পালকে কর্মস্থলে পাওয়া যায়নি। পরিদর্শনকালে স্থানীয়রা তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও তুলে ধরেন। পরে বিষয়টি আমলে নিয়ে লিপি রানী পালকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে তার দেওয়া জবাব সন্তোষজনক না হওয়ায় তদন্ত শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে গত ১৮ আগস্ট সাময়িক বরখাস্ত করে। বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল্লাহেল মারুফ ফারুকী জানান, অভিযোগের তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী লিপি রানী পালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।