সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ আমি অনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত প্রমাণ হলে পদত্যাগ করব-হুইপ জি কে গউছ হবিগঞ্জের প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট সুব্রত চক্রবর্তী আর নেই ॥ শোক নোয়াপাড়া চা বাগানের সংকট নিরসনে ইউএনওর বৈঠক হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ ৬ পলাতক আসামি আটক মাধবপুরে যাত্রীবাহী বাস খাদে ॥ ২০ যাত্রী আহত আজমিরীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহকারী পদে আ.লীগ পরিবারের একাধিক সদস্যের নিয়োগের অভিযোগ বিশ্ব আদিবাসী দিবসেও বদলায়নি চা বাগানের বাস্তবতা হুরগাঁওয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইব্রাহিম গ্রেপ্তার মাধবপুরে চা বাগানে যক্ষার প্রকোপ ওষুধ সংকটে চরম ভোগান্তি

মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ

  • আপডেট টাইম সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ০ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের বেজুরা সেতু এলাকায় তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও একটি সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গতকাল রোববার দুপুরে উপজেলার বেজুরা ব্রিজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার রতনপুর গ্রামের বাসিন্দা রিপন মিয়া (২৭) এবং পশ্চিম মাধবপুর এলাকার নাসির উদ্দিনের ছেলে আবুল খায়ের (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেজুরা সেতুর ওপর একটি তেলবাহী লরি ও বালুবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রাকটি পাশ দিয়ে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ট্রাকে থাকা রিপন মিয়া ও সিএনজির যাত্রী আবুল খায়ের নিহত হন।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। দুর্ঘটনাকবলিত যানবাহনের ভেতর থেকে হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়ার জন্য শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে।
মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক মিয়া জানান, তেলবাহী লরি ও বালুবাহী ট্রাকের সংঘর্ষের পর ট্রাকটি সিএনজির ওপর উঠে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com