স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ বলেছেন- দেশের পরাজিত শক্তি বসে নেই। তারা কখনো নিজেদের নামে, আবার কখনো ছদ্ম নামে এসে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে চক্রান্ত ষড়যন্ত্র করছে। তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বলেন-মাঝে মধ্যে ফ্যাসিস্ট শেখ হাসিনা বলেন, ‘টুস করে দেশে ঢুকে পড়বেন’। দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন, শেখ হাসিনা কখন আসবেন। কারণ শেখ হাসিনার অপকর্মের বিচার মানুষ দেখতে চায়।
তিনি গতকাল শুক্রবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে হবিগঞ্জে প্রতিভাবান খেলোয়াড়দের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন।
হুইপ জি কে গউছ আরও বলেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত। বিএনপি ৫ বছরের জন্য এককভাবে সরকার গঠন করেছে। আল্লাহর দয়া ও জনগণের ভালোবাসা থাকলে ১ সেকেন্ডের জন্যও বিএনপিকে ক্ষমতার বাইরে রাখা যাবে না। আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই।
তিনি আরও বলেন, মাদকের কবল থেকে তরুণ সমাজকে মুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও সুন্দর জীবনের পথে রাখা সম্ভব। তাই দল ও ধর্মের ঊর্ধ্বে উঠে প্রতিভাবান খেলোয়াড়দের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুইপের পিএস আমিন আল পারভেজ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এডভোকেট গুলজার খান, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরান, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব প্রমুখ।