স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল, পোদ্দার বাড়ি, পাইকপাড়া, রতনপুর বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে অবৈধ টমটম গ্যারেজ। আর এসব টমটম গ্যারেজে প্রতিদিন শতাধিক টমটম, অটোরিকশা চার্জ দেয়া হয়। ফলে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। বিদ্যুত অফিসের তদারকি না থাকার কারণে কিংবা কতিপয় কর্মকর্তাদের ম্যানেজ করে এসব অবৈধ গ্যারেজ গড়ে উঠেছে।
গত বৃহস্পতিবার রাত ২টার দিকে রতনপুর বাসস্ট্যান্ডে নিশাপট গ্রামের তোরাব আলীর পুত্র ইসলাম আলী ও ধুলিয়াখালের মৃত আব্দুল আলীর পুত্র লুৎফুল মিয়ার অবৈধ টমটম গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ৫টি সিএনজি অটোরিকশা ও ৫টি টমটমসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে। খবর পেয়ে দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও আগেই মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে বেশ কয়েকজন সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।
সদর থানার ওসি জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে যায়। অভিযোগ আলোকে ব্যবস্থা নেয়া হবে।