এটিএম সালাম, নবীগঞ্জ প্রতিনধি ॥ নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের মধ্যে অবহেলিত একটি গ্রামের নাম গহরপুর। লোক সংখ্যা প্রায় আড়াই হাজারের উপরে। নাই কোন প্রাইমারী স্কুল, মাদরাসা বা মাধ্যমিক স্কুল। গহরপুর গ্রাম থেকে প্রায় ৩/৪ কিঃ দুরবর্তী প্রাইমারী স্কুল থাকলেও কোমলমতি ছেলে-মেয়েরা যেতে পারতো না। গোটা কয়েক ছেলে-মেয়ে দুরের স্কুলে গেলেও সিংহভাগ ছেলে-মেয়েরা শিক্ষার আলো থেকে ছিল বঞ্চিত। পিছিয়ে পড়া এই জনপদে শিক্ষার বাতিঘর হিসেবে এখানে প্রতিষ্টিত হয়েছে একটি প্রাইমারী স্কুল। এতে ওই গ্রামের শিক্ষা ব্যবস্থা ঘুরে দাড়াঁবে বলে আশার আলো দেখছেন স্থানীয়রা। 
আর এই মহৎ কাজটি করেছেন গহরপুর গ্রামের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ ইলিয়াছ আহমেদ। তিনি ২০২৪ সালের ১২ ডিসেম্বর নিজস্ব ৩৮ শতক ভূমির উপর নিজের অর্থায়নে ৫টি শ্রেণী কক্ষ ও ১টি অফিস রুম বিশিষ্ট একটি আধা পাকা ঘর নির্মাণ করে স্কুলটি চালু করেন। যার নাম করণ করা হয়েছে গহরপুর হাজী বাড়ী প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থীদের সংখ্যা ১৪৭ জন। এর মধ্যে প্রাক-প্রাথমিকে ৬৫ জন, ১ম শ্রেণীতে ৩১ জন, ২য় শ্রেণীতে ৩২ জন এবং ৩য় শ্রেণীতে ১৯ জন ছাত্র-ছাত্রী রয়েছে। উক্ত স্কুলে স্বল্প বেতনে ৬ জন শিক্ষক রয়েছে। যাদেরকে স্কুল প্রতিষ্টাতা মোঃ ইলিয়াছ আহমেদ প্রতি মাসে সম্মানি (বেতন) দিয়ে আসছে। এখন পর্যন্ত সরকারী ভাবে বইপত্র ব্যতিত আর কোন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। ইতিমধ্যে বিশিষ্ট শিক্ষাবিদ সিলেট মদন মোহন কলেজের প্রাক্তন প্রিন্সিপাল ড. আবু ফতেহ ফাত্তাহ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিনসহ বিশিষ্টজনরা স্কুলটি পরিদর্শন করেছেন। মনমুগ্ধর পরিবেশে স্কুলটি যেন অন্ধকারে আলো ছড়াচ্ছে। স্বাধীনতার পর থেকে ওই বিশাল একটি গ্রাম গহরপুরে কোন প্রাইমারী স্কুল ছিল না। স্থানীয়দের কত স্বপ্ন ছিল, আশা ছিল তাদের গ্রামে স্কুল হবে। সেই স্বপ্ন আজ বাস্তবায়িত হয়েছে প্রবাসী ইলিয়াছ আহমদের বদৌলতে। প্রায় দুই বছর ধরে প্রতিষ্টিত উক্ত প্রাইমারী স্কুলের কারনে গহরপুর গ্রামের ঝড়েপড়া শিশু-কিশোররা লেখা পড়া করার সুযোগ পাওয়ায় অভিভাবকদের মাঝে উল্লাস দেখা দিয়েছে।
গহরপুর গ্রামের যুব সমাজের আইকন রুবেল মিয়া জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামে প্রাইমারী স্কুল প্রতিষ্টার জন্য নানা স্থানে দৌড় ঝাপ করে লাভ হয়নি। ফলে আমাদের গ্রামের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ ইলিয়াছ আহমেদ নিজস্ব অর্থায়নে, নিজের ভুমিতে একটি প্রাইমারী স্কুল প্রতিষ্টিত করে দেয়ায় এই গ্রামের ছেলে-মেয়েরা আজ পড়া লেখার সুযোগ পেয়েছে। এটা অন্ধকারের মধ্যে আলো ছড়ানোর মতো। গহরপুর গ্রাম থেকে প্রাইমারী স্কুল প্রায় ২/৩ কিঃমিঃ দুরবর্তী হওয়ায় ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারতো না। ওই স্কুল হওয়ায় প্রায় দেড় শতাধিক ছেলে-মেয়ে লেখা পড়া করার সুযোগ পেয়েছে। আশাবাদী আরো বৃদ্ধি পাবে।
ইউপি চেয়ারম্যান সাদিকুর রহমান শিশু বলেন, প্রবাসী ইলিয়াছ আহমেদ এই স্কুল প্রতিষ্টিত করে একটি মহৎ কাজের দৃষ্টান্ত স্থাপন করেছেন। পাশাপাশি ওই এলাকার ছেলে-মেয়েদের লেখাপড়ার সুযোগ সৃষ্টি হলো। আশাবাদী সরকার বা কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে এই স্কুলটি কে সরকারী করণের ব্যবস্থা নিবেন। গহরপুর হাজী বাড়ী প্রাইমারী স্কুলের প্রতিষ্টাতা আমেরিকা প্রবাসী মোঃ ইলিয়াছ আহমেদ বলেন, শিক্ষা ছাড়া কোন জাতি আগাতে পারে না। আমাদের গ্রামটি এদিকে অনেক পিছিয়ে ও অবহেলিত। গ্রামের ছেলে-মেয়ে’দের শিক্ষা ব্যবস্থার দিক বিবেচনা করে নিজস্ব অর্থায়নে স্কুলটি প্রতিষ্ঠিত করেছি তা রক্ষা করার জন্য দায়িত্ব এলাকাবসী ও সরকারের। বর্তমানে স্কুলের শিক্ষকদের বেতন ভাতাসহ যাবতীয় খরচ আমি বহন করে যাচ্ছি। স্কুলটি সরকারী করণের জন্য আবেদন করা হয়েছে। আশাবাদী দ্রুত সময়ের মধ্যে এই কাজ হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রুহুল আমিন বলেন, আমাদের সার্বিক সহযোগিতা থাকবে। স্কুলটি ভিজিট করেছি, চমৎকার একটি স্কুল। তিনি বলেন, স্কুলটি সরকারী করণে আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।