নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট আনুষ্ঠানিকভাবে পাস করা হয়েছে। গত ২৮ জুন পৌর প্রশাসক মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে আয়োজিত পৌরপরিষদের মাসিক সাধারণ সভায় এই বাজেট অনুমোদন দেওয়া হয়। সভায় পৌরসভার সম্মানিত সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পেশকৃত বাজেট অনুযায়ী, আগামী অর্থ বছরের জন্য সর্বমোট আয় ধরা হয়েছে ৩৫ কোটি ৬৩ লাখ ৯২ হাজার ৯০৭ টাকা এবং সর্বমোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩৫ কোটি ১৪ লাখ ৭৭ হাজার ২০০ টাকা। এর ফলে বাজেটে সর্বমোট উদ্বৃত্ত থাকছে ২৩ লাখ ১৫ হাজার ৭০৭ টাকা।
বাজেট বিশ্লেষণ করলে দেখা যায়, রাজস্ব খাতে মোট আয় ৫ কোটি ১ লাখ ৯২ হাজার ৯০৭ টাকা এবং ব্যয় ৪ কোটি ৭৯ লাখ ৬৫ হাজার টাকা ধরা হয়েছে, যা থেকে ২২ লাখ ২৭ হাজার ৭০৭ টাকা উদ্বৃত্ত থাকবে। অন্যদিকে, উন্নয়ন খাতে আয় ৩০ কোটি ৬৩ লাখ টাকা এবং ব্যয় ৩০ কোটি ৩৫ লাখ ১২ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যেখানে উদ্বৃত্ত থাকবে ৮৭ হাজার ৮০০ টাকা। উন্নয়ন খাতের বরাদ্দের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়নে ৮ কোটি টাকা, কোভিড-১৯ জনিত প্রভাব মোকাবিলায় ৮ কোটি টাকা, পৌর ভবন ও ডাম্পিং গ্রাউন্ড উন্নয়ন প্রকল্পে ৪ কোটি টাকা করে মোট ৮ কোটি টাকা। এছাড়া সরকারি উন্নয়ন সহায়তা ও বিএমডিএফ সহায়তায় ২ কোটি টাকা করে এবং জলবায়ু পরিবর্তনজনিত উন্নয়ন প্রকল্পে ২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি ডেঙ্গু ও মশক নিধন কার্যক্রমে ১০ লাখ টাকা এবং অন্যান্য খাতে ২৬ লাখ টাকা আয় ধরা হয়েছে। এই সুপরিকল্পিত বাজেটের মাধ্যমে নবীগঞ্জ পৌরসভা জনসেবা ও অবকাঠামোগত উন্নয়নে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।