স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের কালিয়ারভাঙ্গা ইউনিয়নের খলিলপুর গ্রামের আমান উদ্দিন হত্যার ৮ আসামী জামিন পেয়েছেন। গতকাল দুপুরে হবিগঞ্জের জেলা ও দায়রা জজ বজলুর রহমানের আদালতে আসামীদের জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত শুনানী শেষে আসামীদের জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্ত আসামীরা হলেন-জুলহাস মিয়া, রিংকু, জুনায়েদ মিয়া, রুবেল মিয়া, মোজাহিদ, শাহিন, শোয়েব, সোহেল মিয়া। এ দিকে মামলার আসামীরা জামিনে বের হওয়ায় মামলার বাদী বদরুন্নেছা গাজী আতংকিত পড়েছেন। মামলার বাদী জানান, জামিনপ্রাপ্ত কেউ দুই মাস আর কেউ ২ মাস ২৫ দিন হাজতবাস করেছেন। প্রত্যেক আসামীরাই আমার ছেলের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেছেন। যা মামলার এজাহারে উল্লেখ রয়েছে। তিনি বলেন-আসামীরা পরিকল্পিত ভাবে আমার ছেলে আমান উদ্দিনকে হত্যা করেছেন। উল্লেখ্য ২০২৫ সালের ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে পূর্ব বিরোধের জের নবীগঞ্জের খলিলপুর গ্রামের আমান উদ্দিন তার ভাই নিজাম উদ্দিন সীমেরগাও গ্রাম থেকে আসার পথে পাশ্ববর্তী বানিয়াচং উপজেলার উজিরপুর গ্রামের বাসিন্দা ইউপি সদস্য জসিম উদ্দিনসহ মামলার আসামী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। হামলায় তারা দুই ভাই গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় আমান উদ্দিনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৯ ডিসেম্বর আমান উদ্দিন মৃত্যুর খুলে ঢলে পড়েন। ৩০ ডিসেম্বর ময়না তদন্ত শেষে আমান উদ্দিনের লাশের দাফন সম্পন্ন করা হয়। এ ঘটনায় নবীগঞ্জ থানায় ৩১ জনকে আসামী করে নিহত আমান উদ্দিনের মা বদরুন্নেছা গাজী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামী করা হয়, ইউপি সদস্য জসিম উদ্দিনকে। ঘটনার পর থেকেই জসিম উদ্দিন পলাতক।