বাহুবল প্রতিনিধি ॥ অবৈধ সিলিকা বালু উত্তোলন ও মাদক কারবার নিয়ে সংবাদ প্রকাশ করায় বাহুবলে সাংবাদিক হাবিবুর রহমান নোমান এর উপর হামলা করা হয়েছে। উপজেলা বিএনপির এক নেতার নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত সাংবাদিক নোমামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সিএ শাখায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক হাবিবুর রহমান নোমান দৈনিক ইনকিলাব ও এনপিবি নিউজের বাহুবল উপজেলা প্রতিনিধি। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি বাহুবলের হরিতলা এলাকায় অবৈধ সিলিকা বালু উত্তোলন, বালু বাণিজ্য ও মাদক কারবার নিয়ে একাধিক সংবাদ প্রকাশ করেন সাংবাদিক নোমান। এসব প্রতিবেদনে ক্ষুব্ধ ছিলেন বলে অভিযোগ রয়েছে উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রকিবের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, এর আগেও নোমানকে এসব বিষয়ে সংবাদ প্রকাশ না করার জন্য বিভিন্নভাবে চাপ দেওয়া হয়। তবে তিনি পেশাগত দায়িত্ব পালন অব্যাহত রাখেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে ইউএনও অফিসে সরকারি কাজে গেলে সিএ কার্যালয়ের ভেতরে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পর সহকর্মী সাংবাদিকরা তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের বিষয়টি নিশ্চিত করেছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। সরকারি দপ্তরের ভেতরে একজন কর্মরত সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বাহুবলসহ জেলার সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতারা। বাহুবল প্রেসক্লাবের সভাপতি ছিদ্দিকুর রহমান মাসুম বলেন, “পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিকের ওপর সরকারি কার্যালয়ের ভেতরে হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। এটি শুধু একজন সংবাদকর্মীর ওপর হামলা নয়, স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের ওপরও আঘাত।” তিনি অবিলম্বে অভিযুক্তদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।