স্টাফ রিপোর্টার ॥ ২ জুলাই, ২০২৬ হবিগঞ্জের বিজ্ঞানচর্চা ও বিজ্ঞান আন্দোলনের ইতিহাসে যুক্ত হলো এক গুরুত্বপূর্ণ মাইলফলক। জেলার শীর্ষস্থানীয় বিজ্ঞান সংগঠন ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, হবিগঞ্জ’ বাংলাদেশ সরকারের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃক প্রথম শ্রেণীর বিজ্ঞান ক্লাব হিসেবে আনুষ্ঠানিক সরকারি নিবন্ধন লাভ করেছে। ক-৪৯২৫/২০২৬ নম্বরে নিবন্ধিত হওয়ার মধ্য দিয়ে সংগঠনটি এখন দেশের স্বীকৃত শীর্ষস্তরের বিজ্ঞান ক্লাবগুলোর কাতারে জায়গা করে নিল, এমন এক অর্জন, যা হবিগঞ্জের বিজ্ঞানপ্রেমী মহলে ছড়িয়ে দিয়েছে উচ্ছ্বাস ও নতুন উদ্দীপনা।
২০১৯ সালের ৩ জানুয়ারি মাত্র ১১ জন সহযোগী সদস্য নিয়ে অত্যন্ত সীমিত পরিসরে যাত্রা শুরু হয়েছিল এই ক্লাবের। শুরুর দিকে সীমিত জনবল, সম্পদ ও অবকাঠামো নিয়ে কাজ করতে হলেও এখন উদ্যমী ২৫ হাজারের একদল তরুণের স্বপ্ন ও প্রচেষ্টায় ধীরে ধীরে সংগঠনটি বিস্তৃত হতে থাকে। প্রতিষ্ঠার শুরু থেকেই হবিগঞ্জ জেলাজুড়ে বিজ্ঞান ও প্রযুক্তির প্রসার, শিক্ষার্থীদের মধ্যে থাকা বিজ্ঞানভীতি দূর করা এবং তরুণ প্রজন্মকে মৌলিক বৈজ্ঞানিক সমাধান খুঁজে বের করার দিকে ধাবিত করতে নিরলসভাবে কাজ করে আসছে সংগঠনটি। সাত বছরের ব্যবধানে সেই ছোট্ট পরিসরের সংগঠনটি রূপ নিয়েছে জেলার অন্যতম প্রভাবশালী ও সক্রিয় বিজ্ঞান সংগঠনে।
জাতীয় পর্যায়ে একের পর এক স্বীকৃতি-বিগত বছরগুলোতে ক্লাবটির সাফল্যের ঝুলি ক্রমেই সমৃদ্ধ হয়েছে একাধিক গৌরবময় অর্জনে। এর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হলো দেশের অন্যতম শীর্ষ যুব সম্মাননা ‘জাতীয় ইয়ুথ অ্যাওয়ার্ড’ লাভ, যা সংগঠনটির জাতীয় পরিচিতি বাড়িয়ে দেয় বহুগুণে। এছাড়া অতি সম্প্রতি অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬-এ সিলেট বিভাগে প্রথম স্থান অধিকার করে ক্লাবটি জেলার জন্য বাড়তি গৌরব বয়ে এনেছে। ধারাবাহিক এই সাফল্যগুলোই শেষ পর্যন্ত মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে এবং প্রথম শ্রেণীর সরকারি স্বীকৃতির পথ সুগম করে দেয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বহুমাত্রিক কার্যক্রমে সমৃদ্ধ সংগঠন-তৃণমূল পর্যায়ে বিজ্ঞানকে জনপ্রিয় করে তুলতে ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’ নিয়মিতভাবে বিভিন্ন ব্যতিক্রমী ও উদ্ভাবনী কার্যক্রম পরিচালনা করে আসছে। এসবের মধ্যে উল্লেখযোগ্য হলো রোবট ডেভেলপমেন্ট ওয়ার্কশপ সিরিজ: জেলার শায়েস্তাগঞ্জ ও বাহুবলসহ বিভিন্ন উপজেলায় শিক্ষার্থীদের জন্য রোবটিক্স ও ইলেকট্রনিক্সের হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়, যেখানে সরাসরি প্রায়োগিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায় শিক্ষার্থীরা এবং প্রযুক্তির প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি পায়।
কিশোরী কথন: আমার আমি: শায়েস্তাগঞ্জে ছাত্রীদের সচেতনতা ও পুষ্টিবিষয়ক বিশেষ ইভেন্ট আয়োজনের মাধ্যমে কিশোরীদের জীবনঘনিষ্ঠ বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়, যা মেয়েদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।
বিজ্ঞান মেলা ও প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে নতুন বৈজ্ঞানিক প্রজেক্ট ও প্রোটোটাইপ তৈরিতে নিয়মিত উৎসাহ প্রদান করা হয়, যা তরুণদের সৃজনশীল চিন্তাভাবনাকে বাস্তব রূপ দিতে সাহায্য করে। এসব কার্যক্রমের মাধ্যমে ক্লাবটি শুধু পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষার বাইরে গিয়ে শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয় শিক্ষাবিদরা। এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে ক্লাবটিকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, হবিগঞ্জ-এর প্রথম শ্রেণীর সরকারি নিবন্ধন পাওয়া আমাদের জেলার জন্য অত্যন্ত গর্বের একটি বিষয়। আমি ক্লাবের সকল সদস্য ও সংগঠকদের আন্তরিক অভিনন্দন জানাই। বিজ্ঞান ও প্রযুক্তিতে আমাদের তরুণ প্রজন্মকে আরও আগ্রহী করে তুলতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই ক্লাবটি আগামীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের বিজ্ঞান চর্চা ও উদ্ভাবনী যাত্রায় সার্বিক সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে।
“এটি সমগ্র হবিগঞ্জবাসীর অর্জন” ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ মোশাহিদ মিয়া (মজুমদার) এই অর্জনের বিষয়ে গণমাধ্যমকে জানান, “জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এই স্বীকৃতি আমাদের দায?িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। এই অর্জন আমাদের আগামী দিনের পথচলাকে আরও সুগম করবে। আমরা চাই হবিগঞ্জের প্রতিটি ঘরে বিজ্ঞানের আলো পৌঁছে যাক এবং এখান থেকে জাতীয় ও আন্তর্জাতিক মানের বিজ্ঞানী ও গবেষক তৈরি হোক। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এই স্বীকৃতি আমাদের একার নয়, এটি সমগ্র হবিগঞ্জবাসীর অর্জন। জেলার সকল অভিভাবক, শিক্ষক ও সুধীসমাজের প্রতি আমাদের বিনীত আহ্বান – আপনারা আপনাদের সন্তানদের বিজ্ঞান চর্চায় উৎসাহিত করুন। পুঁথিগত বিদ্যার বাইরে গিয়ে তাদের ভাবনার জগৎ ও সৃজনশীলতাকে বিকশিত হওয়ার সুযোগ দিন।”
ক্লাবের নেতৃবৃন্দ আরও বলেন, “আমাদের ক্লাবের দরজা বিজ্ঞানমনস্ক যেকোনো শিক্ষার্থীর জন্য সবসময় উন্মুক্ত। আসুন, আমরা সবাই মিলে একটি বিজ্ঞানমনস্ক, যুক্তিবাদী ও আধুনিক প্রজন্ম গড়ে তুলি, যারা নিজেদের উদ্ভাবন দিয়ে আগামীতে হবিগঞ্জের মুখ বিশ্বদরবারে আরও উজ্জ্বল করবে।”
সরকারি এই নিবন্ধনের ফলে ক্লাবটি এখন থেকে জাতীয় পর্যায়ের বিভিন্ন রাষ্ট্রীয় বিজ্ঞান কার্যক্রমে সরাসরি ও আরও জোরালোভাবে অংশগ্রহণের সুযোগ পাবে। পাশাপাশি সরকারি বিভিন্ন প্রকল্প, অনুদান ও সহযোগিতা কর্মসূচিতেও অংশ নেওয়ার পথ উন্মুক্ত হলো সংগঠনটির জন্য, যা ভবিষ্যতে তাদের কার্যক্রম আরও বিস্তৃত করতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আগামীর পরিকল্পনায় নতুন এই স্বীকৃতিকে সামনে রেখে ভবিষ্যতে বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড, রোবটিক্স কর্মশালা এবং তৃণমূলের শিক্ষার্থীদের জন্য আরও বড় পরিসরে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছে ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, হবিগঞ্জ’। সংগঠনটির নেতৃত্ব মনে করছে, এই সরকারি স্বীকৃতি শুধু একটি প্রাতিষ্ঠানিক অর্জনই নয়, বরং হবিগঞ্জের বিজ্ঞানপ্রেমী তরুণ সমাজের জন্য নতুন সম্ভাবনার দুয়ার, যা আগামী দিনে জেলার শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় পরিসরে প্রতিনিধিত্বের পথ তৈরি করে দেবে।