নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পরিবহন ব্যবসা করার কথা বলে ৫০ লক্ষ টাকা ধার নিয়ে পরবর্তীতে তা পরিশোধ না করে প্রতারণা এবং ব্যাংক চেক জালিয়াতির অভিযোগে অভিযুক্ত হিরা লাল সরকারের বিরুদ্ধে আদালতে সমন জারি করা হয়েছে। গত ৪ জুন হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই সমন জারির আদেশ দেন। আদালতের নথি ও মামলা সূত্রে জানা যায়, নবীগঞ্জ থানার হালিতলা (তামাশপুর) গ্রামের পরেশ বৈদ্যের ছেলে প্রবাসী প্রশান্ত বৈদ্য দীর্ঘদিন ধরে কুয়েতে কর্মরত ছিলেন। আনুমানিক ২ বছর পূর্বে তিনি দেশে আসার পর নবীগঞ্জ পৌরসভার কলেজপাড়া এলাকার মৃত নন্দলাল সরকারের ছেলে হিরা লাল সরকার তার নিকট পরিবহন ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে ৫০ লক্ষ টাকা ধার চান। সুসম্পর্কের সূত্র ধরে প্রশান্ত বৈদ্য নিজের দুটি ড্রাম ট্রাক ও দুটি ৩২ সিটের বাস বিক্রি করে সরল বিশ্বাসে হিরা লাল সরকারকে নগদ পঞ্চাশ লক্ষ টাকা প্রদান করেন। চুক্তি ছিল পরবর্তী ১ বছরের মধ্যে হিরা লাল সরকার এই টাকা সম্পূর্ণ পরিশোধ করবেন। কিন্তু টাকা নেওয়ার পর থেকেই অভিযুক্ত হিরা লাল সরকার বিভিন্ন তালবাহানা শুরু করেন এবং প্রশান্ত বৈদ্য পুনরায় বিদেশে চলে যাওয়ার পরও কোনো টাকা ফেরত দেননি। সম্প্রতি প্রশান্ত বৈদ্য দেশে ফিরে টাকার জন্য চাপ দিলে গত ১৫ মার্চ হিরা লাল সরকার তার নামীয় মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, নবীগঞ্জ শাখার একটি ৫০ লক্ষ টাকার চেক প্রশান্ত বৈদ্যকে প্রদান করেন। পরবর্তীতে ২৪ মার্চ প্রশান্ত বৈদ্য তার নিজ অ্যাকাউন্ট অগ্রণী ব্যাংক লিমিটেড, নবীগঞ্জ শাখায় চেকটি নগদায়নের জন্য জমা দিলে সংশ্লিষ্ট মার্কেন্টাইল ব্যাংক থেকে “অপর্যাপ্ত তহবিল” (ওহংঁভভরপরবহঃ ঋঁহফ) বা অ্যাকাউন্টে প্রয়োজনীয় টাকা না থাকার কারণে চেকটি ডিজঅনার বা প্রত্যাখ্যাত হয়। এ বিষয়ে প্রশান্ত বৈদ্য মৌখিকভাবে যোগাযোগ করে কোনো সদুত্তর না পেয়ে গত ৩১ মার্চ তার আইনজীবীর মাধ্যমে হিরা লাল সরকারকে ৩০ দিনের সময় দিয়ে একটি আইনি নোটিশ প্রেরণ করেন। নোটিশটি গত ২২ এপ্রিল হিরা লাল সরকারের নিকট পৌঁছালেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি টাকা পরিশোধ না করে তা আত্মসাতের চেষ্টা চালান। যেহেতু মূল ভুক্তভোগী প্রশান্ত বৈদ্য একজন কুয়েত প্রবাসী, তাই তিনি মামলা পরিচালনার জন্য গত ২৩ মে ৩৭৮০ নং এফিডেভিট মূলে তার চাচাতো ভাই নয়ন বৈদ্যকে আমমোক্তার (পাওয়ার অব অ্যাটর্নি) নিয়োগ করেন। এরপর নয়ন বৈদ্য বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আমল-০৫) আদালত, হবিগঞ্জে দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১ (ঞযব ঘবমড়ঃরধনষব ওহংঃৎঁসবহঃং অপঃ)-এর ১৩৮ ধারায় একটি নিয়মিত সি.আর মামলা দায়ের করেন। আদালত অভিযুক্ত হিরা লাল সরকারের বিরুদ্ধে দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট-এর ১৩৮ ধারার অধীনে অপরাধ বিচারার্থে আমলে গ্রহণ করেন। একই সাথে আদালত অভিযুক্ত হিরা লাল সরকারের নামে সমন জারি করার নির্দেশ প্রদান করেন এবং আগামী ১৭ সেপ্টেম্বর সমন দাখিল সাপেক্ষে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।