স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ বলেছেন- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯৭৭ সালের খাল খনন কর্মসূচি গ্রহন করেছিলেন। সেই অভিজ্ঞতা থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচি হাতে নিয়েছেন। এই উদ্যোগটি যদি টেকসই ও আধুনিকভাবে বাস্তবায়িত হয়, তবে দেশের কৃষিতে বিপ্লব ঘটানো সম্ভব। জিয়াউর রহমান স্থানীয় জনগণকে সরাসরি উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত করতে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করেছিলেন। খাল খনন কর্মসূচি শুধু কৃষি নয়, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা, বন্যা নিয়ন্ত্রণ, পানি সম্পদ ব্যবস্থাপনা এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। গতকাল সোমবার সুতাং নদী পুনরুজ্জীবিতকরণ ও দূষণমুক্তকরণ প্রকল্পের হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলার ২টি স্পটে পুনঃখনন কাজের বিষয়ে স্থানীয় জনসাধারণকে অবহিতকরণ সভায় এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের জন্য এই মুহূর্তে খাল খনন করা খুব বেশি প্রয়োজন। খাল খনন প্রক্রিয়া সম্পন্ন হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করা হবে, দেশবাসী উপকৃত হবে এবং দেশে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। এই খাল পুনঃখনন কর্মসূচি কৃষি ও অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে। এটি কেবল সেচ সুবিধা নয়, বরং স্থানীয়দের কর্মসংস্থান নিশ্চিত ও পরিবেশের ভারসাম্য রায় একটি যুগান্তকারী পদক্ষেপ।
এমপি জি কে গউছ আরও বলেন- কাজ সঠিকভাবে হচ্ছে কিনা, তা আপনারাই তদারকি করবেন। কোনো অনিয়ম দেখলে সঙ্গে সঙ্গে জানাবেন। উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশ গ্রহণই স্বচ্ছতা নিশ্চিত করতে পারে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হোসেন, সদর উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও শিমুল আক্তার, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সলিম উল্লা, সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ।