ছনি আহমেদ চৌধুরী ॥ নবীগঞ্জ উপজেলায় পশুরহাটকে ঘিরে দীর্ঘদিনের সংঘাত, হামলা-মামলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পরও প্রশাসনের পক্ষ থেকে অস্থায়ী হাট ইজারা দেওয়ার প্রক্রিয়ায় চরম অনিয়ম ও আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ও হাট-বাজার ব্যবস্থাপনা নীতিমালা উপেক্ষা করে অত্যন্ত গোপনীয়তা ও তড়িঘড়ি করে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে, যা নিয়ে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অভিযোগ ওঠেছে, জেলা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টদের মোটা অংকের অর্থ লেনদেনের মাধ্যমে ম্যানেজ করে আইনের সুস্পষ্ট লঙ্ঘন করে তড়িঘড়ি করে এসব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে গড়ে ওঠা দিনারপুর জনতা বাজার দীর্ঘদিন ধরে সরকারি অনুমোদন ছাড়াই পরিচালিত হয়ে আসছিল। গত বছরের ৭ জানুয়ারি জেলা প্রশাসন বাজারটি বন্ধের ঘোষণা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে বাজার বন্ধে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট, সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিক এবং আসামি গ্রেফতারে যাওয়া পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। পাশাপাশি মহাসড়কে চলাচলকারী পশুবাহী যানবাহন থেকে জোরপূর্বক পশু নামানোর অভিযোগও ওঠে।
এসব ঘটনায় গত বছরের ১ জুন নবীগঞ্জ থানায় ম্যাজিস্ট্রেটের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ৩৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। একই বছরের ২৮ জুন রাতে গজনাইপুর গ্রামে আসামি গ্রেফতারে গেলে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় এসআই শওকত আলীর দায়ের করা মামলায় ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়। সর্বশেষ চলতি বছরের ১ মার্চ মহাসড়ক থেকে পশুবাহী ট্রাক থামিয়ে জোরপূর্বক পশু নামানোর অভিযোগে দ্রুত বিচার আইনে ১৫ জনকে আসামি করে মামলা হয় এবং যৌথ অভিযানে পাঁচজনকে গ্রেফতার করা হয়।
জনতা বাজার ও মেলার বাজার ঘিরে দুই দশকের বিরোধ থেকে বিভক্ত হয়ে বর্তমানে দিনারপুর জনতা বাজার, পুরাতন মেলার বাজার এবং মুড়াউড়া একতা বাজার এই তিনটি স্থানে প্রতি শনিবার অনুমতি ছাড়াই পশুরহাট বসানো হচ্ছিল। অভিযোগ রয়েছে, এসব হাটে ‘হাসিল’ আদায়ের নামে অবৈধভাবে বিপুল অর্থ আদায় করা হয় এবং মহাসড়কে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়। এসব ঘটনার পর প্রায় ছয় সপ্তাহ তিনটি বাজারেই পশুরহাট বন্ধ থাকে। এরপর চলতি মাসে মেলার বাজার ও মুড়াউড়া একতা বাজার পরিচালনা কমিটি পৃথকভাবে পশুরহাট পরিচালনার অনুমতি চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করে। এর প্রেক্ষিতে গত সোমবার (২০ এপ্রিল) জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার আল নাদরুন বিন আকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মুড়াউড়া বাজারে অস্থায়ী গরুর হাট বসানোর অনুমতি প্রদান করা হয়, যেখানে ১২টি শর্ত আরোপ করে স্পষ্টভাবে উল্লেখ করা হয়—উন্মুক্ত দরপত্র আহ্বানের মাধ্যমে ইজারা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু এই নির্দেশনার পরই শুরু হয় বিতর্কিত প্রক্রিয়া। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন মুড়াউড়া বাজারের ইজারা বিজ্ঞপ্তি আহ্বান করেন এবং একই দিনে সকাল ১০টায় দরপত্র ফরম বিক্রি, সকাল ১১টায় দাখিল এবং দুপুর ১২টায় দরপত্র খোলার সময় নির্ধারণ করে পুরো প্রক্রিয়া সম্পন্ন করেন। অর্থাৎ মাত্র দুই ঘণ্টার ব্যবধানে দরপত্র আহ্বান থেকে মূল্যায়ন সব কিছু শেষ করা হয়।
এদিকে (২৩ এপ্রিল) জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার নূর ই হাফসা স্বাক্ষরিত আরেকটি বিজ্ঞপ্তিতে মেলার বাজার (হাজীগঞ্জ)-এর জন্য অস্থায়ী পশুরহাট বসানোর অনুমতি প্রদান করা হয়, যেখানে ১৫টি শর্ত যুক্ত করে এখানেও উন্মুক্ত দরপত্র আহ্বানের মাধ্যমে ইজারা প্রদানের নির্দেশনা দেওয়া হয়।
অভিযোগ রয়েছে, মেলার বাজারের ক্ষেত্রেও ইজারা বিজ্ঞপ্তি আহ্বান করে একই দিনে প্রক্রিয়া সম্পন্ন করা হয়। ফলে অনুমতি ও ইজারা আহ্বানের মধ্যে কার্যত কোনো সময়ই রাখা হয়নি।
অভিযোগ রয়েছে- ২৫ এপ্রিল (শনিবার) সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেপ উপজেলা প্রশাসনের মাধ্যমে দরপত্র সংক্রান্ত কার্যক্রম—ফরম বিক্রি, দাখিল ও খোলা এবং সিদ্ধান্ত গ্রহণ—সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, যা পুরো প্রক্রিয়াকে আরও প্রশ্নবিদ্ধ করেছে। পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালার বিধি ৯০ ও তফসিল-২ অনুযায়ী উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে বিজ্ঞাপন প্রচার থেকে দরপত্র দাখিল পর্যন্ত ন্যূনতম ১৪ দিন সময় দেওয়া বাধ্যতামূলক। একই বিধির উপ-বিধি অনুযায়ী জাতীয় ও একটি স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করাও আবশ্যক। পাশাপাশি স্থানীয় সরকার বিভাগের হাট-বাজার ব্যবস্থাপনা নীতিমালা-২০২১-এর অনুচ্ছেদ ৪ অনুযায়ী ইজারা প্রক্রিয়ায় কোনো ধরনের গোপনীয়তা অবলম্বন করা যাবে না। কিন্তু নবীগঞ্জের মুড়াউড়া ও মেলার বাজারের ক্ষেত্রে এসব বিধান সম্পূর্ণ উপেক্ষা করে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে, কোনো পত্রিকায় বিজ্ঞাপন ছাড়াই এবং সরকারি ওয়েবসাইট বা সামাজিক মাধ্যমে প্রচার না করেই ইজারা সম্পন্ন করা হয়েছে, যা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া নীতিমালায় দুটি হাটের মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার নির্দেশনা থাকলেও মুড়াউড়া ও হাজীগঞ্জ বাজারের মধ্যে মাত্র এক কিলোমিটার দূরত্ব রেখে অনুমোদন দেওয়া হয়েছে, যা সরাসরি নীতিমালার পরিপন্থী। এছাড়া জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে দেয়া শর্তে- বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা কিংবা মামলায় অন্তর্ভুক্ত কোনো ভূমিতে হাট বসানো যাবেনা মর্মে উল্লেখ থাকলেও মেলার বাজার নিয়ে দীর্ঘ দুই দশক উচ্চ আদালতে মামলা চলে আসছে।
এদিকে গতকাল (২৫ এপ্রিল) শনিবার মুড়াউড়া ও মেলার বাজারে পশুরহাট বসে। একই দিনে কোনো অনুমতি ছাড়াই দিনারপুর জনতা বাজারেও হাট বসানো হয়। তবে অবৈধ এই কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের দৃশ্যমান কোনো নজরদারি বা ব্যবস্থা লক্ষ্য করা যায়নি।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, “এটা ইজারা বিজ্ঞপ্তির বিষয় না, এটা নিলাম ডাক—আমি ডেকে যে কাউকে দিতে পারি।” পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ও হাট-বাজার ব্যবস্থাপনা নীতিমালার বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন, এসব নীতিমালা স্থায়ী বাজারের ক্ষেত্রে প্রযোজ্য, অস্থায়ী বাজারের ক্ষেত্রে নয় এবং এ ধরনের বাজারে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার বাধ্যবাধকতাও নেই।