স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে সংঘটিত আলোচিত গণধর্ষণ মামলার প্রধান আসামিসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব-৯। ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-৯ সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় টমটম স্ট্যান্ডে গাড়ির জন্য অপো করছিলেন ভুক্তভোগী নারী। এ সময় পূর্বপরিচিত জিয়াউর রহমান ও তার সহযোগী রুকন মিয়া তার সঙ্গে কথা বলে একই পথে যাওয়ার কথা জানায়। পরে একটি টমটমে ওঠার পর তাদের ইশারায় চালক নির্জন স্থানে নামিয়ে দিয়ে চলে যায়। এরপর কৌশলে ভুক্তভোগীকে পুটিয়া গ্রামের একটি মাছের ঘেরসংলগ্ন স্থানে নিয়ে গিয়ে কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। পরে তাকে প্রধান আসামির বাড়িতে নিয়ে রাখা হয়। ভোরে সুযোগ পেয়ে সেখান থেকে পালিয়ে এসে ২৪ এপ্রিল শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন তিনি। মামলা দায়েরের পরপরই র্যাব-৯ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় ২৫ এপ্রিল রাত ১২টার দিকে অলিপুর এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত প্রধান আসামি জিয়াউর রহমান (২৮) ও অপর আসামি কাজল মিয়া (৩০) কে গ্রেফতার করা হয়। তারা উভয়ই শায়েস্তাগঞ্জ উপজেলার পুটিয়া গ্রামের বাসিন্দা।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান চলমান থাকবে।