স্টাফ রিপোর্টার ॥ দক্ষিণ কোরিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন দাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশন হবিগঞ্জ পৌরসভায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পসহ দুদিনব্যাপী নানা কর্মসূচী পালন করেছে। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে হবিগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী, মাদ্রাসার শিক্ষার্থী, অস্বচ্ছল পরিবারের নারী শিশুসহ দুইশতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধপত্র দেয়া হয়।
শুক্রবার হবিগঞ্জ পৌরসভার আমন্ত্রনে হবিগঞ্জ সফর শুরু করে ৪ সদস্য বিশিষ্ট দাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশনের একটি টিম। প্রথম দিন হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে পালন করা হয় খাদ্য বিতরণ কর্মসূচী। দাহাম ও হবিগঞ্জ পৌরসভা যৌথভাবে এ কর্মসূচী পালন করে।
একই দিন সন্ধ্যায় হবিগঞ্জ সুরবিতান ললিতকলা একাডেমীতে অনুষ্ঠিত হয় কোরিয়া বাংলাদেশ সংস্কৃতি বিনিময় কর্মসূচী। ওই কর্মসূচীতে সুরবিতান মঞ্চে পরিবেশিত হয় কোরিয়া এবং বাংলাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠান।
গতকাল শনিবার সকালে পিটিটিআই রোডস্থ পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে অনুষ্ঠিত হয় ফ্রি মেডিক্যাল ক্যাম্প। হবিগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী ও তাদের পরিবারের সদস্য ৭৫ জন, হবিগঞ্জের মাদ্রাসার ১২০ জন শিক্ষার্থী ও পৌর এলাকার অস্বচ্ছল পরিবারের নারী ও শিশুসহ মোট দুই শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়। সাথে সাথে রোগীদের বিনামূল্যে ঔষধপত্র দেয়া হয়। মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক।
একই দিন বিকেলে পৌর টাউন হলে অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে উমেদনগর পৌর জুনিয়র হাই স্কুলের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক ও হবিগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক, সার্বিক, মোঃ মঈনুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আক্তার। প্রধান অতিথি মোঃ মঈনুল হক হবিগঞ্জ পৌরসভায় সেবামুলক কর্মসূচী পালন করার জন্যে সফরকারী দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশন সাথে হবিগঞ্জ পৌরসভার বন্ধুত্বসুলভ কর্মসূচী ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দুই দিনের কর্মসূচী পরিচালনা করেন দাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশনের বাংলাদেশ প্রতিনিধি ও হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী।
উল্লেখ্য, মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরীর সমন্বয়ের পরিপেক্ষিতে ২০১৬ সালে হবিগঞ্জে সামাজিক কাজ করতে এসে এখানকার মানুষের সাথে ভ্রাতৃতের বন্ধন গড়ে উঠে দক্ষিন কোরিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন দাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশনের। তারপর থেকে বিগত ১০ বছরে ৫ বার হবিগঞ্জ পৌরসভায় সেবামুলক কর্মসূচী পালন করে দাহাম। মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী বলেন ‘সফরকারী দল আগামী ফেব্রুয়ারীতে আবারো বড় পরিসরে হবিগঞ্জ পৌরসভায় সেবামুলক কর্মসূচী পালন করার কথা রয়েছে।’ সফরকারী দলের প্রধান পার্ক হিউন বলেন বাংলাদেশের মানুষের ভালোবাসা এই কর্মসূচী বার বার পালন করতে তাদের মাঝে উৎসাহ যুগিয়েছে। এছাড়াও সাধারণ মানুষের আর্থিক অস্বচ্ছলতার কথা বিবেচনা করেও আমরা বাংলাদেশে কর্মসূচী পালন করতে গুরুত্ব দিয়েছি।