হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ বাহুবলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১০ জানুয়ারি বেলা ১১টায় উপজেলা পরিষদ বাহুবল প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহুবল স্টেশনের উদ্যোগে অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ পরিস্থিতিতে দ্রুত করণীয় ও আগুন নিয়ন্ত্রণের কৌশল প্রদর্শন করা হয়।
পরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা দুর্যোগ প্রস্তুতি কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামাল উদ্দিন। এ সময় বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগের সময় ক্ষয়ক্ষতি কমাতে সরকারি বিভিন্ন দপ্তরের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও প্রস্তুত থাকতে হবে। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা সামিউন রেজা আসিফ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রুমন চন্দ্র রায় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি ডা. জাহেদ খান। এ সময় উপস্থিত ছিলেন-বাহুবল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ আবিদ, প্রচার সম্পাদক হাবিবুর রহমান নোমানসহ ফায়ার সার্ভিসের প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।