স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত করতে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পিস ফেসিলিটেটর গ্রুপ (পিএফজি) হবিগঞ্জ সদর কমিটির উদ্যোগে গত রবিবার ২৫ জানুয়ারি সকাল ১১ টার দিকে হবিগঞ্জের সুরবিতান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থীদের আমন্ত্রণ জানানো হয়। এতে সশরীরে উপস্থিত থেকে নিজেদের বক্তব্য ও আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের মোমবাতি প্রতীকের প্রার্থী মহিবউদ্দিন সোহেল, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী ও ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার অধ্যক্ষ এ এস এম সারোয়ার এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল মুমিন চৌধুরী বুলবুল।
মতবিনিময় সভায় প্রার্থীরা নির্বাচনকেন্দ্রিক সহিংসতা রোধ, শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে তাদের অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন দেশের গণতন্ত্রকে শক্তিশালী করবে এবং জাতির অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে।
সভায় হবিগঞ্জের বিশিষ্ট নাগরিক প্রফেসর ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর উদ্দিন ইকবাল, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান, কবি তাহমিনা বেগম গিনি, এন.সি.পি হবিগঞ্জ জেলার আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল, পরিবেশকর্মী তোফাজ্জল সোহেল, পি.এফ.জি হবিগঞ্জ সদর কমিটির অ্যাম্বাসেডর মাহবুবুর রহমান আউয়াল, অ্যাম্বাসেডর ও বিএনপি মহিলা সভানেত্রী এডভোকেট ফাতেমা বেগম, হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ম্যাপস প্রকল্পের প্রজেক্ট এনালিস্ট ফাতেমা মাহমুদা, পি.এফ.জি বিভাগীয় কো-অর্ডিনেটর আকলিমা চৌধুরী ছাড়াও বাসদ, সিপিবি, জাতীয় পার্টি, জামাতে ইসলামী ও বিএনপির নেতৃবৃন্দসহ সমাজের প্রতিনিধি, সাংবাদিক, সাহিত্যিক ও সংস্কৃতি কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সুশীল সমাজের পক্ষ থেকে প্রার্থীদের কাছে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়। প্রার্থীরা স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে সেসব প্রশ্নের উত্তর দেন।
আয়োজকরা জানান, এ ধরণের মতবিনিময় সভা নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সহনশীলতা বৃদ্ধি এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।