মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শেরপুরে চাষ হচ্ছে নানা রঙের বিদেশি আঙ্গুর

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৯ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ শেরপুরের শ্রীবরদীতে পরীক্ষামূলকভাবে চাষ হচ্ছে ৫০ জাতের বিদেশি আঙ্গুর। মেঘাদল গ্রামের পাহাড়ি অঞ্চলে স্থাপিত এই ব্যতিক্রমী আঙ্গুর বাগান এখন জেলার কৃষি মহলে আলোড়ন তুলেছে। বাগানে জুলছে থোকায় থোকায় সবুজ, লাল ও কালো রঙের সুস্বাদু আঙ্গুর। এই ব্যতিক্রমী উদ্যোগের নেপথ্যে রয়েছেন মিজানুর রহমান নামে এক তরুণ উদ্যোক্তা। তার বাবা জলিল মিয়া ২০২২ সালে শখের বসে ভারত থেকে দুটি জাতের ১০টি আঙ্গুরের চারা এনে রোপণ করেন। রোপণের মাত্র ১০ থেকে ১১ মাস পরই গাছে ফল আসতে শুরু করে। এতে অনুপ্রাণিত হয়ে মিজানুর রহমান ২০ শতক জমিতে আরো বড় পরিসরে আঙ্গুর চাষ শুরু করেন। বর্তমানে তার বাগানে রয়েছে ৫০টি জাতের ১৫০টি আঙ্গুর গাছ। এর মধ্যে ৪০টি গাছে ফলন হয়েছে। ১৫ থেকে ২০টি গাছ থেকে ১০ থেকে ১২ কেজি করে ফল পাওয়া গেছে এবং বাকি গাছগুলোর বয়স কম হওয়ায় সেগুলো থেকে ১.৫ থেকে ২ কেজি করে ফল এসেছে।
উল্লেখযোগ্য জাতগুলোর মধ্যে রয়েছে- একেলো, ডিকসন, ব্ল্যাক ম্যাজিক, বাইনুকা, ইসাবেলা, পারলেট, আনাব-এ-শাহি ইত্যাদি। তিনি সীমিত পরিসরে সবুজ আঙ্গুর প্রতি কেজি ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি করেছেন। গাছ রোপণ ও পরিচর্যায় তার ব্যয় হয়েছে প্রায় আড়াই লাখ টাকা। ফলন দেখে তিনি আশাবাদী, ভালো লাভবান হবেন। ভবিষ্যতে বাণিজ্যিকভাবে বড় পরিসরে আঙ্গুর চাষের পরিকল্পনাও রয়েছে তার।
উদ্যোক্তা জানান, ইউটিউব থেকে শেখা কৌশল ও গবেষণার মাধ্যমে তিনি দেশের বিভিন্ন স্থান, বিশেষ করে ঢাকা থেকে ৫০ জাতের চারা সংগ্রহ করেন। শুধু চাষ নয়, বাবা-ছেলে মিলে এখন নিজেরাও চারা উৎপাদন শুরু করেছেন। তাদের স্বপ্ন আগামী বছর আরো বড় পরিসরে বাগান গড়ে তোলা।
এই সফলতা দেখে মেঘাদলসহ আশপাশের এলাকার অনেক কৃষকই আঙ্গুর চাষে আগ্রহী হয়ে উঠেছেন। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে উৎসাহী মানুষ ও কৃষকরা বাগান দেখতে আসছেন, পরামর্শ নিচ্ছেন। স্থানীয়রা জানান, বাগানের আঙ্গুর খেতে খুবই মিষ্টি ও সুস্বাদু। তারা বিশ্বাস করেন, মিজানুরের এই উদ্যোগ এলাকার কৃষির সম্ভাবনাকে আরো এগিয়ে নেবে।
এ বিষয়ে শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক হুমায়ুন কবীর দৈনিক ইনকিলাবকে বলেন, আমি শ্রীবরদী উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে আলাপ করেছি। খুব শিগগিরই বাগানটি পরিদর্শনে যাব। শুনেছি মিজানুর রহমান গত দুই বছর ধরে পরীক্ষামূলকভাবে আঙ্গুর চাষ করে সফলতা পেয়েছেন এবং লাভের মুখ দেখছেন। আমরা কৃষি বিভাগ থেকে তাকে সর্বাত্মক সহযোগিতা করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com