মাধবপুর প্রতিনিধি ॥ “প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যে মাধবপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) সকালে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে যুব দিবসের আলোচনা সভা আয়োজন করে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর। সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন- মাধবপুর উপজেলা নিবার্হী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম জেলা। তিনি বক্তব্যে বলেন, যুবকেরা দেশ ও সমাজকে বদলে দিতে পারে। বছর জুড়ে কাজের মাধ্যমে সমাজ পরিবর্তন করতে হবে। মিছিল মিটিং করে এর পরিবর্তন করা যায় না। করোনার সময় মানুষ যখন ঘরবন্দি ছিল, তখন এই যুবকরাই ভূমিকা রেখেছে। গত বছরের বন্যায়ও যুবকেরা ভূমিকা রেখেছে। জুলাই আন্দোলনে সড়কে যুবকদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। অপরাধের সাথে সম্পৃক্ত যুবকদের আমরা চাই না। আমরা চাই সেই যুবক, যে যুবক সমাজ, দেশ ও জাতি কল্যাণে কাজ করবে। তিনি আরও বলেন, যৌবন থাকলে আপনার ভাগ্য আপনাকেই বদলাতে হবে। সারাদেশের সাথে প্রতিযোগিতা করার যোগ্যতা অর্জন করতে হবে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান জাহাঙ্গীর, অফিসার ইনচার্জ মোঃ শহীদ উল্লাহ, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়সল চৌধুরী, নির্বাচন কর্মকর্তা আবু লায়েছ দুলাল, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ কবির হোসেন, চেয়ারম্যান সৈয়দ মোঃ সোহেল, মাহবুর রহমান সোহাগ, সাংবাদিক আলাউদ্দিন আল রনি, সাবেক বৈষম্য বিরোধী ছাত্র নেতা সিরাজুল ইসলাম তানজিল সহ প্রমুখ। উপজেলা যুব উন্নয়ন অধিদফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, যুব উন্নয়নে প্রশিক্ষণ প্রাপ্ত সফল যুবক ও সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।