স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর থেকে চালককে মারপিট করে টমটম নিয়ে গেছে একদল ছিনতাইকারী। এ ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই অভিযোগ করেন প্রায়ই কামড়াপুর ব্রিজ থেকে কোর্ট স্টেশন চাষি বাজার পর্যন্ত টমটম ছিনতাই হচ্ছে। কিন্তু এর কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। ফলে তাদের দৌরাত্ম বেড়েই চলেছে। অভিযোগ আছে যাত্রীবেশে একদল ছিনতাইকারী টমটমে উঠে নির্জন স্থানে নিয়ে চালককে মারধোর করে গাড়ি নিয়ে পালিয়ে যায়। গত সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বানিয়াচং উপজেলার কুশিয়ারতলা গ্রামের জাকারিয়া আহমেদ ইমন মিয়ার একটি টমটম তার চালক তজমুল মিয়া কামড়াপুর থেকে বাসস্ট্যান্ড এলাকায় আসার পথে স্টেডিয়ামের নিকট রিচি সাগরকোনা গ্রামের সজল মিয়া ও ইশানকোনা গ্রামের জলফু মিয়া চালককে মারধোর করে টমটমটি নিয়ে যায়। এর আগেও গত শনিবার অপর এক অভিযোগে সুজন মিয়ার বাড়ি থেকে কোর্ট স্টেশন ফাঁড়ির এএসআই আবু বকর একটি চোরাই টমটম উদ্ধার করে পুলিশের হেফাজতে নেন। এমন আরও অভিযোগ আছে জলফু ও সজল মিয়ার বিরুদ্ধে। এর প্রেক্ষিতে জাকারিয়া আহমেদ উল্লেখিতদের বিরুদ্ধে সদর থানায় মামলা দিয়েছেন।