মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে দফায় দফায় ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ৪ ঘণ্টাব্যাপী চলা এই রণক্ষেত্রে উভয় পক্ষের অন্তত শতাধিক লোক আহত হয়েছেন। গুরুতর আহত বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় বানিয়াচং সদরের চাঁনপাড়া ও তোপখানা মহল্লার লোকজনের মধ্যে এই সংঘাতের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, তোপখানা এলাকার একদল কিশোর স্থানীয় জুয়েল মাঠে ফুটবল খেলতে যায়। খেলা চলাকালীন চাঁনপাড়া এলাকার কয়েকজন লোক এসে তাদের বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এই ঘটনার জের ধরে মুর্হুূর্তের মধ্যে দুই মহল্লার লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হকের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি চরম আকার ধারণ করলে পুলিশ বেশ কয়েকটি টিয়ারশেল (কাঁদুনে গ্যাস) নিক্ষেপ করে দাঙ্গাকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরবর্তীতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকার সরদার ও গণ্যমান্য মুরুব্বিদের দীর্ঘ প্রচেষ্টায় প্রায় চার ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বানিয়াচং থানা পুলিশ জানায়, বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে।