স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে দুইটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার ও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ। গত শনিবার উপজেলার ৬ নম্বর মিরপুর ইউনিয়নের কামারগাঁও এলাকায় চেরাগ আলী ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে সৌখিন ও মিতালী পরিবহনের দুটি বাস আটক করা হয়। বাহুবল মডেল থানা পুলিশ জানায়, পরে বাস দুটির পেছনের যাত্রীদের বসার সিট এবং দুই পাশের মালপত্র রাখার বাক্স তল্লাশি করে এসব ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। উদ্ধার পণ্যের মধ্যে রয়েছে ১৪০টি ভারতীয় কম্বল, ৫ হাজার ৫০০ পিস কিটক্যাট চকলেট, ১৩০ প্যাকেট ওরিও বিস্কুট, ৫০ প্যাকেট স্নিকার্স চকলেট, ২৪ পিস রেড বুল এনার্জি ড্রিংক, ১০ প্যাকেট ডেইরি মিল্ক, ৯৬ বোতল আমুল কুল জুস এবং ৭ প্যাকেট বেনজো চকলেট। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের ভৈরবের রিয়াজ উদ্দিন (৪৫), শেরপুরের ঝিনাইগাতীর বকুল হোসেন (৫১), নারায়ণগঞ্জ সদর এলাকার তাপস কুমার মোদক (৪৩), ঢাকার সবুজবাগের জাহিদুল ইসলাম লীমন (৪৮), নারায়ণগঞ্জের রূপগঞ্জের মোহাম্মদ সবুজ (৪৫), শরীয়তপুরের জাজিরার মালেক হোসেন ওরফে অপু (৫২) এবং সিলেটের গোয়াইনঘাটের দুলাল মিয়া (৪৯)। বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) মো. ইকতার মিয়া বলেন, দুটি যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।