স্টাফ রিপোর্টার ॥ পুলিশের অনুমতি ছাড়া হবিগঞ্জে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেয়ায় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যস চিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার বিকালে শহরের কোর্ট মসজিদের সামনে থেকে ওসি জাহিদুল হক ও এসআই ধ্রুবেশ দাশের নেতৃত্বে পুলিশ তাঁদের আটক করা হয়। আটক অন্য দুজন হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য মীর্জা সুমন ও রকি আহমেদ।
‘বানিয়াচং থানা আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম’ শায়েস্তাগঞ্জ থানায় বসে পুলিশকে হুমকি দিয়ে গত জানুয়ারিতে আলোচনায় আসেন মাহদী হাসান। ওই কথা বলার পর পুলিশ তাঁকে আটক করলেও পরে জামিনে মুক্ত হন তিনি।
জানা যায়, গতকাল বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদের সামনে লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাসের সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেয়। এ কর্মসূচি আয়োজনকালে বিকেল সাড়ে পাঁচটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে আসে। তাঁরা মাহদী হাসানসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় সংগঠনটির নেতা-কর্মীরা প্রতিবাদ করতে চাইলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ প্রতিবেদন লেখার সময় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই তিনজন থানায় ছিলেন এবং তাদের অভিভাবকদের সাথে কথা বলা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে এবং প্রধান ফটক বন্ধ ছিলো। সাংবাদিক ছাড়া অন্য কাউকে অনুমতি ছাড়া প্রবেশ করতে দেয়া হয়নি। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর হক বলেন, ‘অনুমতি ছাড়া বিক্ষোভ সমাবেশ এবং নিরাপত্তার স্বার্থে তাঁদের আটক করা হয়েছে।’ জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।