চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘদিন ধরে তশিলদার না থাকায় খাজনা পরিশোধ ও দলিল সংক্রান্ত কাজে চরম ভোগান্তিতে পড়েছেন মানুষ। এতে একদিকে যেমন সরকারের রাজস্ব আদায়ে বিঘ্ন ঘটছে, অন্যদিকে সেবা নিতে এসে হয়রানির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, তশিলদার না থাকায় প্রতিদিনই খাজনা দিতে এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে মানুষকে। অনেকেই দিনের পর দিন ভূমি অফিসে গিয়েও কাজ না হওয়ায় খালি হাতে বাড়ি ফিরছেন। ফলে জমির খাজনা পরিশোধ, নামজারি ও দলিল সম্পাদনের মতো গুরুত্বপূর্ণ কাজও আটকে যাচ্ছে। খাজনা দিতে আসা মিরাশী গ্রামের খয়ের মিয়া বলেন, কয়েকদিন ধরে ভূমি অফিসে যাচ্ছি। কিন্তু তশিলদার না থাকায় খাজনা দিতে পারছি না। প্রশাসনের কাছে জোর দাবি জানাই, দ্রুত একজন তশিলদার নিয়োগ দিয়ে আমাদের এই দুর্ভোগ কমানো হোক। একই কাজে কালেঙ্গা থেকে আসা দুলাল মিয়া জানান, খাজনা দিতে না পারায় দলিল করতে পারছি না। বর্তমানে মিরাশী ভূমি অফিসে সদর ইউনিয়নের একজনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু তিনি নিজ অফিসের কাজই ঠিকমতো সামলাতে পারছেন না। প্রতিদিন খাজনা দিতে এসে ঘুরে বাড়ি ফিরতে হচ্ছে। কবে খাজনা দিতে পারব জানি না। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে পদটি শূন্য থাকায় ভূমি সংক্রান্ত সেবা কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষ যেমন ভোগান্তিতে পড়ছেন, তেমনি সরকারি রাজস্ব আদায়েও নেতিবাচক প্রভাব পড়ছে। দ্রুত শূন্য পদে তশিলদার নিয়োগ দিয়ে ভূমি অফিসের সেবা কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। এ বিষয়ে চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার বলেন, তিন মাস আগে যিনি বদলি হয়েছেন, একই সঙ্গে নতুন নিয়োগের আদেশ হওয়ার কথা ছিল। কিন্তু কেন জানি হয় নি। পরে শূন্য পদ নিয়ে জেলা প্রশাসনের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। আশা করি খুব শিগগিরই কাউকে পদায়ন করা হবে।