স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলার খোয়াই নদীসহ বিভিন্ন নদী-ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের কারণে পরিবেশ ও জননিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে। ড্রেজার মেশিন ব্যবহার করে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ না থাকায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
খোঁজ নিয়ে জানা গেছে, শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর, করিমনগর, দেউন্দি, পাইকপাড়া, পুরানবাজার, লোকড়া, ভাদৈ, তেঘরিয়া ও জয়নগরসহ বিভিন্ন এলাকায় এবং হবিগঞ্জ সদর উপজেলার কামড়াপুর, গরু বাজার, মাছুলিয়া, তেতৈয়া ও ইনাতাবাদ এলাকায় নদী ও ছড়ার তলদেশ থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। অনেক স্থানে গভীর গর্ত সৃষ্টি হওয়ায় নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং তীরবর্তী বাঁধ ও বসতবাড়ি ঝুঁকির মধ্যে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিংবা প্রভাব খাটিয়ে এসব স্থান থেকে প্রতিদিন বিপুল পরিমাণ বালু উত্তোলন করছে। গভীর রাত থেকে শুরু করে দিনের বিভিন্ন সময় ট্রাক ও ট্রাক্টরের মাধ্যমে বালু পরিবহন করা হচ্ছে। এতে এলাকার সড়কগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ধুলাবালুর কারণে জনদুর্ভোগ বাড়ছে। আলাপুর ও করিমনগর এলাকার কয়েকজন বাসিন্দা জানান, নদীর তলদেশ গভীর হওয়ায় তীরবর্তী অংশ ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বর্ষা মৌসুমে নদীতে পানি বৃদ্ধি পেলে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। এতে কৃষিজমি, বসতবাড়ি ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
পরিবেশ সচেতন মহলের মতে, অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তিত হতে পারে। পাশাপাশি নদীর জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। তারা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকরা বলেন, বর্ষা মৌসুমের আগে অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে বড় ধরনের দুর্যোগ দেখা দিতে পারে। তারা নিয়মিত অভিযান পরিচালনা করে ড্রেজার মেশিন জব্দ এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।