স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌর শহরে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানের মাত্র দুই দিনের মাথায় আবারও ফুটপাত ও সড়কের পাশে দোকানপাট বসতে শুরু করেছে। এতে সন্ধ্যার পর থেকেই দাউদনগর বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যানজটের সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিযানের ধারাবাহিকতা বজায় রাখা এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি দায়িত্ব গ্রহণের পর শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বানী চৌধুরীর নেতৃত্বে পৌর শহরের বিভিন্ন এলাকায় অবৈধভাবে দখল করে বসানো ফুটপাতের দোকান উচ্ছেদে অভিযান পরিচালিত হয়। অভিযানে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয় এবং কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হয়। এ সময় দাউদনগর বাজার পয়েন্টে অবস্থিত “ঐশি ভেরাইটিজ স্টোর” নামে একটি দোকান সিলগালা করা হয়েছিল। তবে স্থানীয়দের অভিযোগ, অভিযানের কারণে দুই দিন ফুটপাতে দোকান না থাকলেও বৃহস্পতিবার বিকাল থেকে আবারও সড়কের দুই পাশে অস্থায়ী দোকানপাট বসতে শুরু করে। একই সঙ্গে প্রশাসনের সিলগালা করা ঐশি ভেরাইটিজ স্টোরও খুলে ব্যবসা পরিচালনার অভিযোগ পাওয়া গেছে।
বাজারে কেনাকাটা করতে আসা কয়েকজন ক্রেতা জানান, সন্ধ্যার পর ফুটপাত ও সড়কের একাংশ দখল করে দোকান বসানোর কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে দাউদনগর বাজার এলাকায় রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় প্রায় প্রতিদিনই যানজটের সৃষ্টি হচ্ছে। এতে পথচারী ও সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের একটি অংশের দাবি, শুধু উচ্ছেদ অভিযান পরিচালনা করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। নিয়মিত তদারকির পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হলে অবৈধভাবে পুনরায় ফুটপাত দখলের প্রবণতা অনেকাংশে কমে আসবে।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “প্রশাসন অভিযান চালালে কয়েকদিন সব ঠিক থাকে। পরে আবার আগের মতো ফুটপাত দখল হয়ে যায়। তাই নিয়মিত নজরদারি ও জরিমানার ব্যবস্থা থাকলে এ সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে।” এ বিষয়ে উপজেলা প্রশাসনের বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে স্থানীয়দের প্রত্যাশা, জনস্বার্থে পরিচালিত উচ্ছেদ অভিযানের সুফল ধরে রাখতে প্রশাসন নিয়মিত অভিযান ও তদারকি অব্যাহত রাখবে।