স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অর্ধশতাধিক টমটম গ্যারেজ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাব এবং প্রভাবশালী মহলের ছত্রছায়ায় পরিচালিত এসব গ্যারেজে প্রতিদিন দুই শিফটে শত শত ব্যাটারিচালিত টমটম চার্জ দেওয়া হচ্ছে। এতে একদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের কারণে নগরজুড়ে লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটের ঘটনাও বাড়ছে বলে অভিযোগ উঠেছে।
খোঁজ নিয়ে জানা যায়, শহরের ঈদগাহর কোনা, ২নং পুল এলাকা, বড় বহুলা, পোদ্দার বাড়ি, কোর্ট স্টেশন বাইপাস সড়ক, আনন্দপুরসহ বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে অসংখ্য টমটম গ্যারেজ। এসব গ্যারেজে দিনের পাশাপাশি রাতেও টমটম চার্জ দেওয়া হয়। বিশেষ করে রাত ১২টার পর অধিকাংশ গ্যারেজের মূল ফটক বন্ধ করে ভেতরে শত শত টমটম চার্জে দেওয়া হয়। ভোর পর্যন্ত চলে এ কার্যক্রম।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আবাসিক বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে বাণিজ্যিকভাবে টমটম চার্জ দেওয়ার ফলে সংশ্লিষ্ট এলাকার বিদ্যুতের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। এতে প্রায়ই ভোল্টেজ ওঠানামা করে এবং অনেক সময় দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। এর ফলে সাধারণ গ্রাহকদের নানা ভোগান্তি পোহাতে হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, বেশ কিছু গ্যারেজে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে। আবার কোথাও কোথাও আবাসিক মিটার ব্যবহার করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অভিযোগ রয়েছে, বিদ্যুৎ বিভাগের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে যোগসাজশ করে মাসোহারা প্রদানের মাধ্যমে এসব কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছেন গ্যারেজ মালিকরা।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এ কার্যক্রম চললেও সংশ্লিষ্ট কর্তপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফলে প্রতিনিয়ত নতুন নতুন গ্যারেজ গড়ে উঠছে। এতে সরকার যেমন বিপুল রাজস্ব হারাচ্ছে, তেমনি বিদ্যুৎ ব্যবস্থাপনাও চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সচেতন মহলের মতে, অবৈধ টমটম গ্যারেজগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা, বিদ্যুৎ সংযোগ যাচাই এবং রাজস্ব ফাঁকির বিষয়টি তদন্ত করা জরুরি। অন্যথায় ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।