স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে একদিনে দুই পুরুষ ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় পৃথক ঘটনায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামের ইকবাল মিয়ার ছেলে মুরাদ মিয়া (৪০) বুধবার রাত ১০টা থেকে নিখোঁজ ছিল। পরের দিন সকালে গ্রামের একটি বাঁশঝাড়ের নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে।
এদিকে, মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় সায়হাম কোম্পানির নিকটস্থ একটি কবর স্থানের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ খান জানান, মরদেহের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। মৃত্যুর কারণ নিয়ে তদন্ত চলছে।
অপরদিকে চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের মনিপুর গ্রামের বালুঘাট এলাকা থেকে মনোয়ারা বেগম নামে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২১ মে) বিকালে চুনারুঘাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, চুনারুঘাট থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আল আমিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।
স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার বিকাল প্রায় ৪টার দিকে এক ব্যক্তি বালুঘাট সংলগ্ন নির্জন গভীর ডুবায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থলে উপস্থিত হন।
এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন চলায় স্থানটি অনেকটা নির্জন হয়ে পড়েছে। কীভাবে ওই নারীর মরদেহ সেখানে এলো, তা নিয়ে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনার পর উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় পুলিশকে। 
চুনারুঘাট থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আল আমিন জানান, “মরদেহটি উদ্ধার করা হয়েছে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন করা হবে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।