বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সাতছড়ি সেগুন বনে শকুনের চোখ বনদস্যুদের দৌরাত্ম্যে হুমকির মুখে

  • আপডেট টাইম শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ “আমরা প্রকৃতিকে বাঁচাবো আগামী প্রজন্মের জন্য”-এই স্লোগানকে সামনে রেখে বিগত বিএনপি সরকারের আমলে সাতছড়ির ২৪৭ হেক্টর সংরক্ষিত বনভূমিকে জীববৈচিত্র্য সংরক্ষণের আওতায় জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। পরে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে গঠন করা হয় সহ-ব্যবস্থাপনা কমিটি। দীর্ঘদিন ধরে বন বিভাগের তত্ত্ববাবধানে সাতছড়ি জাতীয় উদ্যানে গাছ কাটা ও নিলাম কার্যক্রম বন্ধ ছিল। এতে বনভূমির প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্য অনেক সমৃদ্ধ হয়ে ওঠে। কিন্তু সস্প্রতি সাতছড়ির সেগুন বাগানের দিকে নজর পড়েছে একটি সংঘবদ্ধ বনদস্যু চক্রের। বন বিভাগের সীমিত জনবলের সুযোগ নিয়ে তারা রাতের আঁধারে মূল্যবান সেগুন গাছ কেটে নিয়ে যাচ্ছে। বিশেষ করে সাতছড়ি অফিসের পূর্ব-দক্ষিণ অংশ এবং তেলমাছড়া এলাকার পুরাতন অফিস সংলগ্ন সেগুন বাগান এখন সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, গত ১০ দিনের মধ্যে অন্তত তিনটি বড় সেগুন গাছ কেটে নিয়ে গেছে বনদস্যুরা। এ চক্রে ৩০ থেকে ৪০ জন সদস্য রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের অধিকাংশই চুনারুঘাট উপজেলার বাসিন্দা। তারা কয়েকটি দলে বিভক্ত হয়ে পরিকল্পিতভাবে বনে প্রবেশ করে। একদল গাছ কাটে, আরেকদল বন বিভাগের সদস্যদের গতিবিধির ওপর নজরদারি করে।
সূত্র জানায়, বনদস্যুরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত থাকে এবং অত্যাধুনিক ইলেকট্রিক করাত ব্যবহার করে মাত্র ঘণ্টাখানেকের মধ্যে বড় গাছ কেটে ফেলে। পরে নিজেদের মিনি ট্রাকে করে সেগুন কাঠ দ্রুত সরিয়ে নেয়। তাদের কাজে বাধা দিলে প্রাণহানির আশঙ্কাও রয়েছে বলে জানান বন বিভাগের লোকজন।
স্থানীয়দের দাবি, আগে সাতছড়ি বনে এভাবে সেগুন গাছ চুরির ঘটনা ঘটত না। তবে গত কয়েক মাস ধরে হঠাৎ করেই একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। এতে বন রক্ষায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বনপ্রেমীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম আবুল মিয়া বলেন, জাতীয় উদ্যান ঘোষণার পর সাতছড়ি বন প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্যের দিক থেকে অনেক সমৃদ্ধ হয়েছে। বনসম্পদ ধ্বংসের প্রবণতাও কমে গিয়েছিল। কিন্তু সম্প্রতি একটি সংঘবদ্ধ চক্র আবারও সেগুন গাছ কাটায় সক্রিয় হয়ে উঠেছে। তবে সবাই সচেতন হলে তাদের দমন করা কঠিন হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সাতছড়ি হেডম্যান ভিলেজার চিত্তরঞ্জন দেব বর্মা জানান, বন বিভাগের সদস্যদের সঙ্গে নিয়ে স্থানীয়রা দিন-রাত পাহারা দিচ্ছেন। এর আগে কখনও এভাবে সেগুন বাগানে চুরি হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা পেলে বনদস্যুদের দ্রুত আটক করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।
সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মেহেদী হাসান বলেন, “সেগুন গাছ চুরি করতে একটি শক্তিশালী চক্র সংঘবদ্ধ হয়েছে। তারা বিপুলসংখ্যক লোক নিয়ে রাতে আচমকা বনে ঢুকে গাছ কাটছে। আমাদের সীমিত জনবল নিয়েও আমরা দিন-রাত কঠোর পরিশ্রম করছি। ইতোমধ্যে এ ঘটনায় চুনারুঘাট থানায় নিয়মিত মামলা করা হয়েছে।” তিনি আরও জানান, বনদস্যুদের পরিচয় সম্পর্কে কিছু তথ্য তাদের কাছে এসেছে। পুলিশ দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পারলে এ চক্র দমন করা সহজ হবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com