মো. কাউছার আহমেদ ॥
ক্লান্তিহীন প্রচার-প্রচারণা শেষে আজ ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরামহীনভাবে চলবে ভোট গ্রহণ। এ সময়ের মধ্যে ভোটাররা বেঁচে নেবেন তাদের পছন্দের প্রার্থীকে। হবিগঞ্জের ৪টি সংসদীয় আসনে মোট ২৫ জন প্রার্থী প্রতিন্দ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ৪ জন প্রার্থীর গলায় পড়বে বিজয়ের মালা। তবে প্রতিটি আসনেই দ্বিমূখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে ভোট সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রকে নিশ্চিদ্র নিরাপত্তা দিতে প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রতিটি এলাকায় মনিটরিং টিমসহ দায়িত্ব পালন করবে র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও আনসার। তবে গুরুত্ব দেয়া হবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে মোতায়েন থাকবে অতিরিক্ত আইনশৃংখলা বাহিনী। হবিগঞ্জ-১ আসনে প্রতিন্দ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী সাবেক অর্থমন্ত্রী শাহ্ এএমএস কিবরিয়ার ছেলে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া (ধানের শীষ মার্কা), ১১ দল মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম মিরপুরী (রিক্সা মার্কা), স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মোহাম্মদ বদরুর রেজা, জাতীয় সমাজ তান্ত্রিকদল এর প্রার্থী কাজী তোফায়েল আহমেদ। হবিগঞ্জ-২ আসনে প্রতিন্দ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডাঃ আবুল মনসুর সাখাওয়াত হাসান জীবন (ধানের শীষ মার্কা), ১১ দল মনোনীত প্রার্থী খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ বড়হুজুর (দেয়াল ঘড়ি মার্কা), স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক আফছার আহমেদ রূপক (ফুটবল), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল মোক্তাদির চৌধুরী অপু (লাঙ্গল মার্কা), জাতীয় সমাজ তান্ত্রিকদল বাসদ এর প্রার্থী লুকমান আহমদে তালুকদার (মই মার্কা)। হবিগঞ্জ-৩ আসনে প্রতিন্দ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গউছ (ধানের শীষ), জামায়েত মনোনীত প্রার্থী অধ্যক্ষ কাজী মহসিন আহমদ, (দাঁড়ি পাল্লা), ইসলামি আন্দোলন বাংলাদেশে মনোনীত প্রার্থী মহিব উদ্দিন আহমেদ সোহেল (হাতপাখা), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল মুমিন চৌধুরী (লাঙ্গল মার্কা), বৃহত্তর সুন্নীজোট সমর্থিত প্রার্থী ডাঃ এসএম সরওয়ার (মোমবাতি মার্কা), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী শাহিনুর রহমান। হবিগঞ্জ-৪ আসনে প্রতিন্দ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোঃ ফয়সল (ধানের শীষ), ১১ দল মনোনীত প্রার্থী খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের, বৃহত্তর সুন্নীজোট সমর্থিত প্রার্থী মাওলানা গিয়াস উদ্দিন তাহেরী (মোমবাতি), স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান চৌধুরী, প্রার্থী ইঞ্জিনিয়ার এস এ সাজন (ফুটবল মার্কা), বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী শাহ মোঃ আল আমিন, জাতীয় সমাজ তান্ত্রিকদল বাসদ এর প্রার্থী মুজিবুর রহমান, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী রাশেদুল ইসলাম খোকন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী রেজাউল মোস্তাফা। জেলার ৪টি আসনে মোট ভোটকেন্দ্র ৬৪৭টি। এর মধ্যে ১০৩টি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ ও ১৩২টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা বলয় তৈরি করেছে প্রশাসন। প্রশাসনের তথ্যমতে প্রতিটি ভোটকেন্দ্রে ৪টি পোস্টাল বুথে দায়িত্ব পালন করবে ২ হাজার ৬৭ জন পুলিশ। এ ছাড়া ৫৫টি মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স ৯টি, ২টি কুইক রেসপন্স টিম কাজ করবে। প্রতিটি কেন্দ্রে ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া সীমান্তবর্তী এলাকাসহ ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোত গুরুত্ব দিচ্ছে বিজিবি। নির্বাচনকে ঘিরে জেলায় ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশের গায়ে বডি অন ক্যামেরা থাকবে। পাশাপাশি পুলিশ ও আনসার বাহিনী নির্বাচন সুরক্ষা অ্যাপস ব্যবহার করবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জেলায় মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৩৩ হাজার ৬৯২। এর মধ্যে ৯ লাখ ২৮ হাজার ৬৯৬ জন পুরুষ, ৯ লাখ ৫ হাজার ২৪২ জন নারী ও ২৪ জন হিজড়া ভোটার রয়েছেন। পুলিশ সুপার ইয়াসমিন খাতুন বলেন, ‘নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কেউ বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করলে আইনশৃংখলা বাহিনী কঠোরভাবে দমন করবে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।