শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে পরকিয়া সন্দেহে স্ত্রীকে হত্যা ॥ স্বামী আটক

  • আপডেট টাইম সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে স্বামী। গতকাল রোববার সকালের দিকে চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় সিদ্দিক মিয়ার ভাড়াটিয়া বাসায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্ত্রীর পরকিয়া সন্দেহে এ ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানান। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে স্বামী নুর আলীকে আটক করেছে পুলিশ। নিহতের নাম ফারজানা বেগম (১৯)। তিনি চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের লাদিয়া গ্রামের মৃত আছকির মিয়ার মেয়ে। দীর্ঘদিন ধরে নতুন ব্রিজ এলাকার ওই বাড়িতে স্বামী ও ১ সন্তান নিয়ে ভাড়া থাকতেন এবং প্রাণ কোম্পানিতে চাকুরি করতেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ফারজানা সকালে কাজ থেকে বাসায় ফেরার পর স্বামী নুর আলী তার স্ত্রী ফারজানার হাতে একটি ব্রেসলেট দেখতে পান। ব্রেসলেটটি ফারজানা কোথা থেকে পেয়েছেন এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এক পর্যায়ে নুর আলী উত্তেজিত হয়ে ফারজানার পেটে উপর্যপূরি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। ঘটনার পর ফারজানাকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে নুর আলীও ছুটে আসে। সেখান থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। পরে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।
স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন যাবত পরকিয়ার বিষয় নিয়ে মনোমালিন্য চলে আসছিল।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি শাহবুদ্দিন শাহীন জানান, ব্রেসলাইট ও পরকিয়ার বিষয়টি সামনে রেখে এই হত্যাকাণ্ডের ঘটনাটি তদন্ত করছে পুলিশ। নিহতের স্বামীকে আটক করা হয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
খোজ নিয়ে জানা গেছে, নিহত ফারজানার স্বামী নুর আলীর বাড়ি চুনারুঘাট উপজেলার শিমুলতলা গ্রামে। পেশায় তিনি ব্যাটারিচালিত ইজিবাইক চালক। প্রায় ৪ বছর আগে ফারজানার সাথে নুর আলীর বিয়ে হয়। তাদের ২ বছরের একটি সন্তানও রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com